সিল্কসিটিনিউজ ডেস্ক:
একটা সময় বাংলাদেশের ক্রিকেট কেবল আশা জাগিয়ে নিভে যেত। জিততে জিততে হেরে যেত। ভালো খেলার জন্য প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামত। হারতে হারতে এমন একটা পর্যায়ে বাংলাদেশ ছিল যে জয় কল্পনা করাটা কঠিন ছিল। কালেভাদ্রে একটা জয় পেত বাংলাদেশ। তবে সময়ের পরিক্রমায় পরিস্থিতি বদলে গেছে। বাংলাদেশ এখন বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল। এখন বাংলাদেশ জেতার জন্যই মাঠে নামে। অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ডের মতো দলও বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে পূর্ণ রণপ্রস্তুতি নিয়ে আসে। টাইগাররা এখন একের পর এক ম্যাচ জিততে জানে। ক্রিকেট বিশ্বের কোনো দলই আজ বাংলাদেশের সামনে অজেয় নয়।
টাইগাররা দেশের ও দেশের বাইরে সেটার প্রমাণ দিয়েছে। প্রমাণ দিয়েছে বেশ কয়েকটি বিশ্বকাপেও। তবে বিশ্বকাপে খেলার টিকিট বাংলাদেশ পেয়েছিল আজ থেকে ২০ বছর আগে ঠিক এই দিনেই। সেদিন গোটা বাংলাদেশ উৎসবে মেতেছিল। রঙের বন্যা বয়ে গিয়েছিল গোটা বাংলাদেশে। মিষ্টির বৃষ্টি হয়েছিল। প্রবাসী বাংলাদেশিরাও সেদিন নিজ নিজ স্থান থেকে জানান দিয়েছিল এক টুকরো বাংলাদেশের। উল্লাসে মেতে ওঠেছিল তারাও। ১৯৯৭ সালের ৯ মার্চ মালয়েশিয়ায় অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে স্কটল্যান্ডকে ৭২ রানের ব্যবধানে হারিয়ে ১৯৯৯ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল বাংলাদেশ।

কুয়ালামপুরের তেনাঙ্গা ন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে ৮ এপ্রিল ১৯৯৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে স্কটল্যান্ডের মুখোমুখি হয় আকরাম খান-মোহাম্মদ রফিকরা। কিন্তু ৭ এপ্রিল প্রবল বর্ষণের কারণে সকালে ম্যাচ শুরু হতে পারেনি। মাঠ খেলার উপযুক্ত হয় দুপুরের পর। খেলা শুরু হয় দুপুর ২টা ৪৩ মিনিটে। বাংলাদেশ ব্যাট করে সোয়া ৬টা পর্যন্ত। বাংলাদেশ প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৩ রান করে। ব্যাট হাতে খালেদ মাসুদ ৭০, আমিনুল ইসলাম বুলবুল ৫৭, মিনহাজুল আবেদীন নান্নু অপরাজিত ৩৯ রান করেন।

বাংলাদেশের ইনিংস শেষ হতেই সন্ধ্যা হয়ে যাওয়ায় ম্যাচ গড়ায় রিজার্ভ ডেতে। পরদিন স্কটল্যান্ড ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলিং তোপের মুখে পড়ে। মোহাম্মদ রফিক ও এনামুল হকে বোলিংয়ে শেষ পর্যন্ত স্কটল্যান্ড ৪৪.৫ ওভারে ১৭১ রানে গুটিয়ে যায়। আর বাংলাদেশ জয় পায় ৭২ রানে। ব্যাট হাতে স্কটল্যান্ডের গ্রেইগ উইলিয়ামসন অপরাজিত ৩৯ রান করেন। ইয়ান ফিলিপের ব্যাট থেকে আসে ৩৭ রান। ২৪টি রান করেন স্কটল্যান্ডের অধিনায়ক জর্জ সালমন্ড।
বল হাতে বাংলাদেশের মোহাম্মদ রফিক ৪টি উইকেট নেন। ৩টি উইকেট নেন এনামুল হক মনি। ১টি উইকেট নেন নাইমুর রহমান দূর্জয়। ম্যাচসেরা নির্বাচিত হন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান খালেদ মাসুদ পাইলট।
স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের একাদশে যারা ছিলন :
আতাহার আলী খান, নাইমুর রহমান দূর্জয়, খালেদ মাসুদ পাইলট, আমিনুল ইসলাম বুলবুল, আকরাম খান (অধিনায়ক), সাইফুল ইসলাম, মিনহাজুল আবেদীন নান্নু, মোহাম্মদ রফিক, খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ হাসিবুল হোসেন শান্ত ও এনামুল হক মনি।
সূত্র: রাইজিংবিডি










