সিল্কসিটিনিউজ ডেস্ক:
ওল্ড ট্রাফোর্ডে টানা দুটি ড্রর পর সান্ডারল্যান্ডের মাঠে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩-০ গোলের এ জয়ে নতুন এক মাইলফলকে পৌঁছান জ্লাতান ইব্রাহিমোভিচ।
বয়স বাড়ছে, সঙ্গে ইব্রার ফর্মও ঝলক দেখাচ্ছে। রবিবার সান্ডারল্যান্ডের মাঠে ৩০ মিনিটে গোলমুখ খোলেন সুইডিশ তারকা। অ্যান্ডার হেরেরার পাসে বক্সের বাইরে থেকে ডানপায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি। প্রিমিয়ার লিগে এটি ছিল তার ১৭তম গোল, একই সঙ্গে মাইলফলকের।

বয়স ৩০ হওয়ার পর ২৫০ গোলের ব্যক্তিগত অর্জন করলেন ইব্রাহিমোভিচ। ২০১১ সালে ত্রিশের ঘরে পা দেন তিনি। এর পর তিনি খেলেছেন ৩০৮ ম্যাচ, সান্ডারল্যান্ডের বিপক্ষে করলেন ২৫০তম গোল।
বয়সের সঙ্গে সঙ্গে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন ৩৫ বছর বয়সী। তার অন্যতম উদাহরণ এ নতুন মাইফলক। কারণ ৩০ বছরে পা দেওয়ার আগে ইব্রাহিমোভিচ ৫২৮ ম্যাচ খেলে করেছিলেন ২৩২ গোল। ১৯৯৯ সালে মালমোতে শুরু হয়েছিল তার ফুটবল ক্যারিয়ার। ২৩২ গোল করতেই যেখানে এক যুগ লেগেছিল ইব্রার, সেই তিনি নতুন করে আড়াইশ গোলের মাইলফলক ছুঁলেন অর্ধেকেরও কম সময়ে।
প্রথমার্ধে ইব্রার একমাত্র গোলে বিরতিতে যায় ম্যানইউ। বিরতির দুই মিনিট আগে সেবাস্তিয়ান লারসেন লাল কার্ড দেখলে ১০ জনের প্রতিপক্ষকে পায় রেড ডেভিলরা। সুযোগটি ভালোভাবে নিতে পেরেছে তারা। দ্বিতীয়ার্ধের শুরুতে হেনরি মিখিতারিয়ান ও শেষে মারকুস রাশফোর্ডের গোলে বড় জয় পায় ম্যানইউ। এ জয়ে আর্সেনালকে টপকে পাঁচ নম্বরে উঠেছে তারা। ৩০ ম্যাচে ৫৭ পয়েন্ট তাদের।
সূত্র: বাংলা ট্রিবিউন










