ভ্রাম্যমাণ প্রতিনিধি:
বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র জামায়াত নেতা নজরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার দুপুরে স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেলা ও দায়রা জজ এনামুল বারী এই আদেশ দেন।
চাঁপাইনবাবগঞ্জের পাবলিক প্রসিকিউটর জবদুল হক জানান, ২০১৬ সালের ১ আগষ্ট চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চামাগ্রামের একটি নৈশ স্কুলে গোপন বৈঠকের সময় জামায়াত-শিবিরের ২১ জনকে আটক করে পুলিশ। ওই সময় ৩০টি ককটেল ও ৫০০ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়। ওই ঘটনায় পুলিশের দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামী নজরুল ইসলাম।
মামলায় গত ৬ ডিসেম্বর ২০১৬ তারিখ থেকে পুলিশ রিপোর্ট আসা পর্যন্ত জামিনে ছিলেন তিনি। সেই মোতাবেক গত ৫ এপ্রিল ২০১৭ তারিখ হাজিরা দেয়ার কথা থাকলেও ওই দিন হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
স/অ










