সদ্য প্রকাশিত
খেলা

পিটারসেনের ইটে ধোনির পাটকেল

নিউজ ডেস্ক৭ এপ্রিল ২০১৭১ মিনিট পড়া
পিটারসেনের ইটে ধোনির পাটকেল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অধিনায়কত্ব হারালেও তেজ কমেনি মহেন্দ্র সিং ধোনির। ক্যাপ্টেন কুলকে খানিকটা ভড়কে দেওয়ার চেষ্টা করেছিলেন কেভিন পিটারসেন। তবে উত্তরে যা পেলেন তাতে করে ভবিষ্যতে আর কোনোদিন ধোনির পেছনে লাগার সাহস করবেন না সাবেক এই ইংলিশ ব্যাটসম্যান।

 

ঘটনাটা গতকাল বৃহস্পতিবারের পুনে সুপার জায়ান্টস বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষের ম্যাচের। প্রথমে ব্যাট করতে নামা মুম্বাইয়ের ইনিংসের সময় মাইক্রোফোনের সহায়তায় ফিল্ডিং করা মনোজ তিওয়ারির সঙ্গে কথা বলছিলেন ধারাভাষ্যকার কেভিন পিটারসেন।

 

ম্যাচের দ্বিতীয় ওভারে ফার্স্ট স্লিপে দাঁড়ানো মনোজ তিওয়ারিকে কেভিন পিটারসন বলেন, ‘মনোজ, এম এসকে বলে দাও গলফ খেলাটা তাঁর চেয়ে অনেক ভালো খেলি আমি।’ ওভার শেষে পাশে দাঁড়িয়ে থাকা ধোনিকে কেপির সেই বার্তা পৌঁছে দেন মনোজ তিওয়ারি।

 

উত্তরটা বোধহয় ঠিক করেই রেখেছিলেন ধোনি। তিওয়ারির কাছ থেকে কথাটা শোনার সঙ্গে সঙ্গে মাইক্রোফোনের দিকে ঝুঁকে ধোনি বলেন, ‘কেপি ভুলে যেও না তুমি আমার প্রথম টেস্ট উইকেট ছিলে।’ ধোনির এমন উত্তর ধারাভাষ্যকারের হাসির খোরাক জুটিয়েছে। সেই সঙ্গে কেভিন পিটারসেনের মুখও বন্ধ হয়েছে।

সূত্র: এনটিভি