সিল্কসিটিনিউজ ডেস্ক: সাকিব-মোস্তাফিজের দুইা জোড়া স্বীকারে চালকের আসেন টাইগাররা। সাকিব পরপর দুই ওভারে দুটি আর নিজের প্রথম ওভারেই মোস্তাফিজ দুটি করে উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে বিপাকে ফেলেছন। মাঝে মাহমুদুল্লাহও নিয়েছেন একটি উইকেট। এতে করে ১৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ৭ ওভার শেষে ৫৪ রান।
ব্যাট হাতেও প্রয়োজনের সময় ভালো রান করেছেন; তারপর মাশরাফির সঙ্গে বোলিং ওপেন করতে এসে ঘূর্ণিজাদু দেখালেন বিশ্বসের অলরাউন্ডার সাকিব আল হাসান। তার ঘূর্ণিতে ফিরে গেলেন দুই ওপেনার কুশল পেরেরা আর মুনারাবিরা। ইনিংসের প্রথম বলে চার মেরেও দ্বিতীয় বলেই বোল্ড হয়ে যান আগের ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করা কুশল পেরেরা। পরের ওভারে বল হাতে আবারও উইকেট সাকিবের। আগের বলে চার মারা মুনারাবিরা তালুবন্দী হলেন রিয়াদের।
এর আগে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটা হয় দুর্দান্ত। নতুন ওপেনিং সঙ্গী ইমরুল কায়েসের সঙ্গে শুরু থেকেই আক্রমণ শুরু করেন সৌম্য সরকার। কিন্তু উইকেটে থিতু হয়ে যাওয়ার পর কী যেন হয় এই তরুণ ওপেনারের। দুজনের কাছ থেকে দল যা চেয়েছিল সেটা অক্ষরে অক্ষরে পাল করলেন সৌম্য-ইমরুল। ৬.৩ ওভারে ওপেনিং জুটিতে এল ৭১ রান। এটাই টি-টোয়েন্টিতে বাংলাদেশের রেকর্ড জুটি। আগের সেরা উদ্বোধনী জুটি ছিল তামিম ইকবাল ও এনামুল হকের ৬৩। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপালের বিপক্ষে এই রেকর্ড গড়েছিলেন তারা।

রেকর্ড জুটি গড়ার পর গুনারত্নের বলে ফিরতি ক্যাচ দিয়ে আউট হয়ে যান ১৭ বলে ৪ বাউন্ডারি আর ২ ওভার বাউন্ডারিতে ৩৪ রান করা সৌম্য সরকার। মিডিয়াম পেসারের মত দৌড়ে এসে স্পিনের মত ডেলিভারি, সেটিতেই আবার বিভ্রান্ত সৌম্য। ঝুলিয়ে দেওয়া অফ কাটারে হতভম্বের মত ফিরতি ক্যাচ দেন বাঁহাতি ওপেনার। সৌম্যর বিদায়ের পর দুর্ভাগ্যজনক রানআউটের শিকার হন ইমরুল কায়েস। তিনি ২৫ বলে ৪ বাউন্ডারি এবং ১ ওভার বাউন্ডারিতে ৩৬ রান করেছেন।
এরপর দলের হাল ধরেন সাব্বির রহমান এবং সাকিব আল হাসান। খুব সুন্দর খেলছিলেন দুজন। তৃতীয় উইকেট জুটিতে এল ৪৬ রান। কিন্তু এরপরেই ছন্দপতন। ১৮ বলে ১ ছক্কায় ১৯ রান করে সঞ্জয়ার বলে বোল্ড হয়ে গেলেন সাব্বির। এক ওভার পরেই নুয়ান কুলাসেকারার বলে সাকিবের স্টাম্প ছত্রখান! আউট হওয়ার আগে ৩১ বলে ৪ বাউন্ডারিতে ৩৮ রান করেন বিশ্বসেরা অলরাউন্ডার। মোসাদ্দেকও বেশিক্ষণ টিকতে পারেননি। ১১ বলে ১ চার এবং ১ ছক্কা হাঁকিয়ে ১৭ রান করে তিনি পেরেরার শিকার হন।
মুশফিক ক্রিজে এসেই মারমুখী হয়ে ওঠেন। ৬ বলে ১ চার ১ ছক্কায় ১৫ রান করে মালিঙ্গার বলে বোল্ড হয়ে যান। পরের বলে আবারও বোল্ড অধিনায়ক মাশরাফি। গতিদানবের সামনে হ্যাটট্রিকের সুযোগ! সেই সুযোগ দারুণভাবে কাজে লাগালেন তিনি। এলবিডাব্লিউ হয়ে ফিরলেন অভিষিক্ত মেহেদী হাসান মিরাজ।










