সদ্য প্রকাশিত
খেলা

শ্রীলঙ্কার লক্ষ্য ১৭৭

নিউজ ডেস্ক৬ এপ্রিল ২০১৭৪ মিনিট পড়া
শ্রীলঙ্কার লক্ষ্য ১৭৭

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মাঠে নেমেছে বাংলাদেশ।

স্কোর: ১৭৬/৯ (২০ ওভার)

মালিঙ্কার হ্যাটট্রিক: পঞ্চম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিকের স্বাদ পেলেন লাসিথ মালিঙ্গা। মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজা ও মেহেদী হাসান মিরাজকে আউট করে হ্যাটট্রিক তুলে নেন ডানহাতি এ পেসার।

পেরেরার বলে সাজঘরে মোসাদ্দেক: থিসারা পেরেরার করা ১৮তম ওভারের প্রথম বলে বড় শট খেলতে গিয়েছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। কিন্তু পেরেরার পিনপয়েন্ট ইয়র্কারে বল মিস করেন ডানহাতি এ ব্যাটসম্যান। ১১ বলে ১ চার ও ১ ছক্কায় ১৭ রান করে মোসাদ্দেক সাজঘরে ফিরেন বোল্ড হয়ে।

সাকিবও বোল্ড: আগের ওভারে সাব্বির বোল্ড হয়ে সাজঘরে ফিরেন। এক ওভার পর সাকিবও একই পথ অনুসরণ করেন। নুয়ান কুলাসেকারার বল ফাইন লেগ দিয়ে খেলতে গিয়ে বল মিস করেন সাকিব। ৩১ বলে ৪ বাউন্ডারিতে ৩৪ রান আসে সাকিবের ব্যাট থেকে। 

বোল্ড সাব্বির: বিকুম সঞ্জয়ার গতির কাছে হার মানলেন সাব্বির রহমান। সরাসরি বোল্ড হয়ে সাব্বির রহমান সাজঘরে ফিরলেন ১৯ রানে। তৃতীয় উইকেটে সাব্বির ও সাকিবের ব্যাট থেকে আসে ৪৬ রান।

দলীয় শতক: সেকুগে প্রসন্নর বলে মিড উইকেট ও লং অনের মাঝ দিয়ে চার মারলেন সাকিব আল হাসান। ৯৬ থেকে বাংলাদেশ পৌঁছে গেল শতরানে। ৯.৫ ওভারে দলীয় শতরান তুলে নেয় বাংলাদেশ। ১০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১০১।

রান আউটে ইমরুল সাজঘরে: ডাইভ দিয়েও নিজের উইকেট বাঁচাতে পারলেন না ইমরুল কায়েস। থারাঙ্গার থ্রোতে স্ট্যাম্প ভাঙতে ভুল করেননি কুশল। রান আউটে ইমরুলের ইনিংসটি কাটা পড়ে ৩৬ রানে। ২৫ বলে ৪ চার ও ১ ছক্কায় ক্যারিয়ার সেরা ইনিংসটি সাজান ইমরুল।  

ফিরতি ক্যাচে সৌম্যর বিদায়: আবারও উড়ন্ত শুরু সৌম্য সরকারের। কিন্তু আবারও বড় স্কোর গড়তে ব্যর্থ সৌম্য। গুনারত্নের বলে ফিরতি ক্যাচ দিয়ে সৌম্য বিদায় নিলেন ৩৪ রানে। আউট হওয়ার আগে ১৬ বলের ঝড়ো ইনিংসে লণ্ডভন্ড করে দেন লঙ্কানদের বোলিং আক্রমণ। ৪ চার ও ২ ছক্কায় নিজের ইনিংসটি সাজান বাঁহাতি এ ওপেনার।

 

ওপেনিংয়ে রেকর্ড জুটি: তামিম ইকবাল ও এনামুল হক বিজয় নেপালের সঙ্গে ২০১৪ সালে উদ্বোধনী জুটিতে ৬৩ রান করেছিলেন। আজ তামিম-এনামুলের জুটিকে ছাপিয়ে গেলেন সৌম্য ও ইমরুল। দুই বাঁহাতি ব্যাটসম্যান ৭১ রানের জুটি গড়েন।

দলীয় অর্ধশতক: ৪.৫ ওভারে দলীয় অর্ধশতকের দেখা পেয়েছে বাংলাদেশ। দুই বাঁহাতি ওপেনার ঝড়ো সূচনা এনে দিয়েছেন। পাওয়ার প্লে’র ছয় ওভারে বাংলাদেশ স্কোরবোর্ডে যোগ করে ৬৮ রান।

টস : বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

পরিবর্তন: বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। তামিম ইকবাল ও তাসকিন আহমেদ খেলছেন না। একাদশে এসেছেন ইমরুল কায়েস ও মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মুর্তজা, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন ও মুস্তাফিজুর রহমান।

একাদশের বাইরে তামিম: পিঠের পুরনো ব্যাথা মাথাচাড়া দিয়ে উঠায় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে পারছেন না তামিম ইকবাল। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন ইমরুল কায়েস।

তাসকিন আউট, মিরাজ ইন: বিশ্রামে রাখা হয়েছে তাসকিন আহমেদকে। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। ৫৭তম টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে আজ অভিষেক হয়েছে মিরাজের।

পরিবর্তন: শ্রীলঙ্কার একাদশে কোনো পরিবর্তন আনা হয়নি। প্রথম ম্যাচের একাদশ নিয়ে মাঠে নেমেছে স্বাগতিক দল। 

শ্রীলঙ্কা দল: উপুল থারাঙ্গা (অধিনায়ক), কুশল পেরেরা, দিলশান মুনাবীরা, চামারা কাপুগেদারা, আসেলা গুনারত্নে, মিলিন্ডা সিরিবর্ধনা, থিসারা পেরেরা, সিকুগে প্রসন্ন, নুয়ান কুলাসেকারা, লাসিথ মালিঙ্গা ও বিকুম সঞ্জয়া।

শেষবারের মত মাশরাফি: শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছেন মাশরাফি বিন মুর্তজা। আগেই ঘোষণা দিয়েছিলেন এ ম্যাচের পর টি-টোয়েন্টি জার্সি তুলে রাখবেন টাইগার দলপতি।

মাশরাফিকে জয় উপহার দিতে পারবে তো সতীর্থরা? মোসাদ্দেক হোসেন সৈকত গতকালই বলেছিলেন মাশরাফির জন্য মাঠে নামবে বাংলাদেশ। মাশরাফির বিদায়ী ম্যাচে জয় উপহার দিতে চান সতীর্থরা। লঙ্কানদের বিপক্ষে শেষ হাসিটা কে হাসে সেটা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমিরা।

অবসর সপ্তাহ: ক্রিক ইনফো চলতি সপ্তাহকে ‘অবসর সপ্তাহ’ হিসেবে নামকরণ করেছে। প্রথমে নিউজিল্যান্ড পিটার ফুলটন, এরপর মাশরাফি বিন মুর্তজা আজ মিসবাহ-উল- হক অবসরের ঘোষণা দিয়েছেন। পিটার ফুলটন কিউইদের হয়ে বেশিদিন খেলতে পারেননি। আন্তর্জাতিক ক্রিকেটেও বড় কোনো তারকা হতে পারেনি! কিন্তু মাশরাফি ও মিসবাহ আন্তর্জাতিক ক্রিকেটের ধ্রুবতারা। মিসবাহ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। মাশরাফি টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়ে শুধু ওয়ানডে ক্রিকেট খেলবেন। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেননি মাশরাফি। শরীর সাপোর্ট না করায় ২০০৯ সালের পর টেস্ট ক্রিকেট খেলছেন না।

সূত্র: রাইজিং বিডি