সিল্কসিটিনিউজ ডেস্ক:শ্রীলঙ্কার মাটিতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বিশ্বের নজর ভালোভাবে কেড়েছে বাংলাদেশ। টেস্টের পর শিরোপা ভাগাভাগি হয়েছে ওয়ানডেতেও। এবার টি-টোয়েন্টিতে একই অর্জনের পালা। প্রথম ম্যাচ হেরে বাংলাদেশ আজ বৃহস্পতিবার প্রেমাদাসায় লঙ্কানদের মোকাবিলা করবে সিরিজ সমতায় শেষ করার লক্ষ্যে। আরেকটি কারণে ম্যাচটি নতুন মাত্রা পেয়েছে। আজ ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি খেলবেন মাশরাফি মর্তুজা। আর তার বিদায়কে রাঙিয়ে দেওয়াই লক্ষ্য তামিম-সাকিবদের।
অদ্ভুতভাবে মাশরাফির শুরুর সঙ্গে শেষটাও মিলে যাচ্ছে। এই শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে টস করেছিলেন অধিনায়ক মাশরাফি। সেই প্রতিপক্ষের বিপক্ষে শেষবারের মতো টি-টোয়েন্টিতে টস করবেন তিনি। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মাশরাফির আঙুলের দিকে কোটি টাইগার ভক্তের চোখ থাকবে এটাইতো স্বাভাবিক।
২০০৬ সালে টি-টোয়েন্টি ক্যারিয়ার শুরু করা মাশরাফি অধিনায়ক হিসেবে নতুন পথচলা শুরু করেন ২০১৪ সালে। মুশফিকুর রহিমকে সরিয়ে তিন বছর আগে তার হাতে দায়িত্ব তুলে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডের মতো হয়তো এতটা সফল হননি তিনি এই ফরম্যাটে, তবে নতুন আশার বীজ বুনেছেন খেলোয়াড়দের মধ্যে তিনিই। আর সেই পথচলায় ২০ ওভারের ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ অধিনায়কত্ব করার রেকর্ডটাও নিজের করে নিয়েছেন এই পেসার।

এমন অধিনায়কের বিদায়টা জয় দিয়েই শেষ করতে চাইছে বাংলাদেশ। বুধবার হোটেল তাজ সমুদ্রে তরুণ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন বলেছেন, ‘কালকে (বৃহস্পতিবার) জয়ের বিকল্প কিছু নেই। আমার মনে হয় দলের সবাই কালকে মাশরাফি ভাইয়ের জন্য খেলবে। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি দ্বিতীয় টি-টোয়েন্টি খেলব শুধু মাশরাফি ভাইয়ের জন্য। আমরা সবাই চাইব ওই ম্যাচ জিতে তাকে বিদায়ী উপহার দিতে।’
শুধু মাশরাফির জন্যই নয়, টেস্ট ও ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজে সমতা আনতে হলে বৃহস্পতিবার জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। প্রথম ম্যাচ ৬ উইকেটে হেরে যাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ। শেষ ম্যাচটি জিততে পারলে ড্র করেও সিরিজটি স্মরণীয় করে রাখতে পারবে বাংলাদেশ। মোসাদ্দেক জানান, ‘ওয়ানডে, টেস্ট সিরিজ ড্র হয়েছে। প্রথম ম্যাচ হারের পর তো বলতে পারছি না জিতব। আমাদের সামনে একটাই ম্যাচ, সেটায় জিতে সিরিজ ড্র করার চেষ্টা করব। ড্র ছাড়া আমাদের সামনে আর কোনও পথ নেই।’
বুধবার সকালে অনুশীলন করেনি বাংলাদেশ। স্বাগতিক শ্রীলঙ্কা অবশ্য সকালে থেকে দুপুর পর্যন্ত অনুশীলন করে কাটিয়েছে। যে কোনও মুল্যে সিরিজ জিততে মরিয়া তারা। বাংলাদেশ অবশ্য অনুশীলন না করলে শ্রীলঙ্কাকে হারানোর সব রকম ছক কষে রেখেছে! মাশরাফির শেষ ম্যাচ বলে কথা। বাকি ১০ সতীর্থ ক্ষুধার্ত বাঘের মতো নিশ্চিতভাবেই ঝাপিয়ে পড়বে।
জানা গেছে ম্যাচে দুটি পরিবর্তন আসতে যাচ্ছে। ফর্মে না থাকায় মুশফিক বাদ পড়তে পারেন, তার জায়গায় খেলানো হতে পারে নুরুল হাসানকে। আর টেস্ট ও ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও অভিষেক হতে পারে মেহেদী হাসান মিরাজের।
ম্যাচের আগের দিন অনুশীলন না করলেও টাইগারদের চোখে মুখে জয়ের আভাস। যে কোনও মূল্যে শেষ ম্যাচটি জিততে মরিয়া তারা। মোসাদ্দেক মনে করেন শেষ ম্যাচটি জিততে হলে ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে, ‘আমাদের ব্যাটসম্যানদের সবাই ছন্দে আছে, সবাই রান পাচ্ছে। তারা যদি শেষ করে আসতে পারে, তাহলে আমাদের জেতা সম্ভব। আশা করি শেষ ম্যাচে ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেলতে পারবে।’
বাংলাদেশকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে শেষ ম্যাচ খেলতে নামবেন নড়াইল এক্সপ্রেস। তাতে বিদায়ী ম্যাচ জয় নিয়ে শেষ করতে পারলে সতীর্থদের কাছ থেকে বড় অর্জনই হয়ে থাকবে মাশরাফির ক্যারিয়ারে। মাশরাফি অবশ্য শেষ ম্যাচ নিয়ে এতো কিছু ভাবছেন না, ‘দেশের হয়ে খেলা সত্যিই দারুণ সম্মানের। বাংলাদেশের টি-টোয়েন্টির একজন অধিনায়ক ছিলাম। শেষ ম্যাচেও করব, এরপর আমার আর চাওয়ার কিছুই নেই।’
২০১৪ সালে অধিনায়কের দায়িত্ব নেওয়ার পর মাশরাফি এপর্যন্ত খেলেছেন ২৭ ম্যাচ। যেখানে ৯ জয়ের বিপরীতে হেরছেন ১৭ ম্যাচে। হারের সংখ্যাটা বেশি হলেও জয়ের দিক থেকে তিনি বাংলাদেশের অন্য টি-টোয়েন্টি অধিনায়কদের ছাড়িয়ে। তার অধীনে বাংলাদেশের খেলা একটা ম্যাচ অবশ্য পরিত্যক্ত হয়েছিল বৃষ্টির কারণে।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের অভিষেকর দিনই মাশরাফি ক্যাপ পেয়েছিলেন। ওই ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটে-বলে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে বাংলাদেশকে জয় উপহার দিয়েছিলেন মাশরাফি। নিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচেও কি এমন কিছু অপেক্ষা করছে?
সূত্র:বাংলা ট্রিবিউন










