সিল্কসিটিনিউজ ডেস্ক:
সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) তাদের নতুন অডিও বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ব্যাঙ্গাত্মক মন্তব্য করেছে। এতে বলা হয়, আমেরিকা এক নির্বোধের হাতে পড়েছে।
নতুন অডিও বার্তায় আইএসের মুখপাত্র আবু হাসান আল-মুহাজের বলেন, ‘আমেরিকা তুমি তলিয়ে গেছ এবং তোমাকে রক্ষার কেউ নেই। তুমি পৃথিবীর প্রতিটি কোনায় খিলাফতের সেনাদের শিকার হয়ে গেছ। তুমি দেউলিয়া হয়ে গেছে এবং তোমার মৃত্যুর চিহ্ন প্রত্যেকের চোখে সুস্পষ্ট হয়ে গেছে।

ট্রাম্পকে নির্বোধ হিসেবে মন্তব্য করে আবু হাসান বলেন, ‘এর চেয়ে আর কোনো প্রমাণের প্রয়োজন নেই যে, তোমাদের একজন নির্বোধ শাসন করছে, যে সিরিয়া অথবা ইরাক অথবা ইসলাম সম্পর্কে কিছুই জানে না।’
৩৭ মিনিট দীর্ঘ অডিও বার্তাটি টেলিগ্রাম নামের একটি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
আইএসের এই মুখপাত্র দাবি করেছেন, মধ্যপ্রাচ্য থেকে আইএসকে হটানো যাবে না। শুধু তাই নয়, ইয়েমেন, ইরাক ও সিরিয়ায় আইএস শক্ত ঘাঁটি গাড়বে বলেও দাবি করেন তিনি।
সূত্র: রাইজিংবিডি










