সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

জেল থেকে আসিম মুনিরের প্রতি যে বার্তা দিলেন ইমরান খান

নিউজ ডেস্ক২০ সেপ্টেম্বর ২০২৫২ মিনিট পড়া
জেল থেকে আসিম মুনিরের প্রতি যে বার্তা দিলেন ইমরান খান

সিল্কসিটিনিউজ ডেস্ক :

জেলে থাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান শুক্রবার অভিযোগ করেছেন, দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির তার এবং তার স্ত্রী বুশরা বীবিকে কারাগারে মানসিকভাবে নির্যাতন করছেন, যাতে তারা ভেঙে পড়ে এবং তার কাছে আত্মসমর্পণ করে।

৭২ বছর বয়সি সাবেক ক্রিকেটার ও রাজনীতিবিদ খান বিভিন্ন মামলায় দুই বছরেরও বেশি সময় ধরে কারাগারে রয়েছেন। বর্তমানে তিনি রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দী আছেন।

এছাড়া, আল-কাদির ট্রাস্ট মামলায় চলতি বছরে দোষী সাব্যস্ত হওয়ার পর তার স্ত্রী বুশরা বীবি তাকে জেলখানায় যোগ দিয়েছেন।

খানের এক্স পোস্টে বলা হয়েছে, ‌‘আমার এবং বুশরা বেগমের ওপর কারাগারে যে মানসিক অত্যাচার চালানো হচ্ছে, তা আসিম মুনিরের নির্দেশে হচ্ছে এবং একমাত্র উদ্দেশ্য হলো আমাদের ভেঙে ফেলা এবং আত্মসমর্পণ করানো।’

তিনি আরও বলেন, ‘আমার আসিম মুনিরের জন্য বার্তা হলো—যতদিন আমরা জীবিত আছি, আমরা ইয়াজিদের ন্যায় অন্যায়ের সামনে বা ফেরাউনদের অত্যাচারের কাছে মাথা নত করব না।’

ইমরান খান অভিযোগ করেন, ‘জেনারেল মুনির সেনাবাহিনী ব্যবহার করে দেশে আইনশৃঙ্খলাহীনতা ও ফ্যাসিবাদী পরিবেশ তৈরি করছেন। নিজের দশ বছরের অনৈতিক শাসন সম্প্রসারণের জন্য মুনির কোনো প্রচেষ্টা বাদ দেননি।’

তিনি আরও বলেন, জেনারেল আসিম মুনির সেনাপ্রধান হওয়ার পর থেকে আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক খারাপ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

‘পদে নিযুক্ত হওয়ার পর প্রথমেই তিনি আফগানিস্তানকে হুমকি দেন, তারপর তিন প্রজন্ম ধরে এখানে বসবাস করা আফগান নাগরিকদের নির্বাসিত করেন, এরপর ড্রোন হামলা চালানো হয়, যাতে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ সৃষ্টি হয় এবং সন্ত্রাসবাদের পরিবেশ তৈরি হয়। তিনি এটি করছেন নিজেকে পশ্চিমা লবিগুলোর কাছে ‘‘মুজাহিদ’’ হিসেবে প্রমাণ করার জন্য, যারা বর্তমান আফগান সরকারকে সমর্থন করে না।”

খান আরও অভিযোগ করেন, ‘এই নিপীড়নের কারণে পাকিস্তানের অর্থনীতি ইতিহাসে সবচেয়ে ধীরগতিতে বিকাশ করছে এবং বিদেশি বিনিয়োগ প্রায় শূন্য। দেশের ঋণ তিন বছরের মধ্যে দ্বিগুণ হয়েছে। প্রতিটি পাকিস্তানি ঋণের জালে জড়িয়ে পড়েছে। জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত দেশের অর্থনৈতিক সমস্যার সমাধান সম্ভব নয়।’

পিটিআই প্রতিষ্ঠাতা তার দলের কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন, আগামী ২৭ সেপ্টেম্বর পেশোয়ারের সমাবেশ সফল করার জন্য।

 

সূত্র: যুগান্তর