সিল্কসিটিনিউজ ডেস্ক:
দুর্ভিক্ষের কবলে খাদ্য সংকটে থাকা আফ্রিকার দেশ সোমালিয়ায় সামরিক অভিযান পরিচালনার জন্য পেন্টাগনকে আরও কর্তৃত্ব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার মার্কিন সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের পক্ষ থেকে বৃহস্পতিবার জানানো হয়, সোমালিয়ায় ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধে বিমান হামলা জোরদারে মার্কিন সামরিক বাহিনীর কর্তৃত্ব বৃদ্ধি করেছেন ট্রাম্প।
নাম প্রকাশ না করার শর্তে পেন্টাগণের এক কর্মকর্তা জানান, দেশটিতে জঙ্গিদের বিরুদ্ধে হামলা জোরদারে এটি আরও সহায়ক হবে।
আফ্রিকায় মার্কিন বাহিনীর নেতৃত্বে বিমান হামলার সিদ্ধান্ত গ্রহণে সম্প্রসারিত এ ক্ষমতা সামরিক বাহিনীর কর্তৃত্ব আরও জোরদারের সুযোগ করে দেবে।
পেন্টাগণ মুখপাত্র নেভি ক্যাপ্টেন জেফ ডেভিস এক বিবৃতিতে বলেন, ‘সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়ন মিশন ও সোমালি নিরাপত্তা বাহিনীর অভিযানের সমর্থনে আরও নিখুঁত হামলা চালাতে প্রতিরক্ষা দফতরের একটি প্রস্তাব অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট।’
এর আগে সোমালিয়ায় যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত হামলা চালিয়েছে। মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট কিছু যদি হুমকির মুখে পড়ত তখনই কেবল বিমান হামলা চালানো হত। পেন্টাগনকে সামরিক অভিযান চালানোর কর্তৃত্ব বৃদ্ধি করে সোমালিয়ায় বড় ধরনের হামলা চালানোর অনুমতি দিলেন ট্রাম্প। দ্রুত ও কার্যকর হামলা চালানোর জন্য এ কর্তৃত্ব চেয়েছিল পেন্টাগন।
আল-কায়েদার সমর্থক জিহাদি গোষ্ঠী আল-শাবাব জঙ্গিদের পরাজিত করতে বিভিন্ন সামরিক বাহিনী লড়াই করে যাচ্ছে। আফ্রিকান ইউনিয়নের সৈন্যরা ২০১১ সালে এ জঙ্গি গ্রুপকে রাজধানী থেকে বিতাড়িত করলেও এখনও দেশটির বিভিন্ন এলাকা তাদের দখলে রয়েছে।
উল্লেখ্য, গত ২৫ বছরের মধ্যে টানা তৃতীয়বারের মতো দুর্ভিক্ষের কবলে পড়েছে সোমালিয়া। সবশেষ ছয় বছর আগে ২০১১ সালের দুর্ভিক্ষে দেশটিতে অন্তত ২ লাখ ৬০ হাজার মানুষ মারা যায়। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির হিসেব বলছে, সোমালিয়ার ২ কোটি ৯০ লাখ মানুষ খাদ্য সংকটের মুখোমুখি। পানি সংকটে আছেন প্রায় ৬২ লাখ মানুষ।
সূত্র: বাংলা ট্রিবিউন










