সিল্কসিটিনিউজ ডেস্ক:
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় ওয়ানডের ভেন্যু কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি)। এখানেই বাংলাদেশে তাদের সিরিজ নির্ধারণী ম্যাচটি খেলবে। এই ভেন্যুতে অবশ্য বাংলাদেশ দশটি ম্যাচ খেলেছে। যেখানে জয় মাত্র একটিতে। ২০০৪ সালে হংকংয়ের বিপক্ষে ১১৬ রানে জিতেছিল বাংলাদেশ। পরিসংখ্যান বাংলাদেশের বিপক্ষে হলেও মাশরাফি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।

পরিসংখ্যান ঘেঁটে জানা গেল, এই মাঠে তিনশ’র বেশি রানের ঘটনা রয়েছে দুটি। আর ২৮০-এর বেশি রান আছে বেশ কয়েকটি। সিংহলিজের এ মাঠ হাই স্কোরিং তা পরিসংখ্যান দেখেই বোঝা যায়। ১৯৮২ সালে প্রথম ওয়ানডের পর এখানে সর্বশেষ ওয়ানডে হয়েছে ২০১১ সালে। ৫৯ ওয়ানডেতে এই মাঠে রান হয়েছে ২১ হাজার ৭২৫। ওভারপ্রতি রান ৪.৬৮।
বাংলাদেশের বর্তমান দলে সবচেয়ে সিনিয়র ক্রিকেটার মাশরাফি। নানা সময়ে ইনজুরির কারণে শ্রীলঙ্কা সফরে আসা হয়নি তখন। তাইতো এই মাঠে মাশরাফির খেলার অভিজ্ঞতা নেই। সবমিলিয়ে এমএসসিতে অনভিজ্ঞ দলই মাঠে নামছে!
মাশরাফি অবশ্য এত কিছু ভাবছেন না। বুধবার ডাম্বুলা ছাড়ার আগে বাংলা ট্রিবিউনের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘শুনলাম সিংহলিজে অনেক রান হয়। এখানে গড় রান ২৮০-২৯০। আমরা সবাই আত্মবিশ্বাসী। যদি নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারি তাহলে অবশ্যই সিরিজ জেতা সম্ভব।’
সূত্র: বাংলা ট্রিবিউন










