রাজশাহীর খবর

র‌্যাবের অভিযানে ৩৯২০ পিস ইয়াবা জব্দ, স্বামী-স্ত্রী আটক

নিউজ ডেস্ক১৩ মে ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

র‌্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানাধীন গোলচত্বর এলাকায় পাকা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩ হাজার ৯২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। তারা দুজন স্বামী-স্ত্রী। এছাড়াও তাদের সাথে থাকা ৩টি মোবাইল ফোন এবং নগদ ৫ হাজার ১৩০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলো দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সাত খামার এলাকার আজগর আলী (৫৮), তার স্ত্রী রাবেয়া বেগম (৪৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিরা দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে দেশের বিভিন্ন জেলায় কেনা-বেচা করে আসছিল।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।