সদ্য প্রকাশিত
রাজনীতি

নারী ক্রিকেট দলকে তারেক রহমান-মির্জা ফখরুলের শুভেচ্ছা

নিউজ ডেস্ক১৯ এপ্রিল ২০২৫২ মিনিট পড়া
নারী ক্রিকেট দলকে তারেক রহমান-মির্জা ফখরুলের শুভেচ্ছা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ভারতে অনুষ্ঠিতব্য নারী বিশ্বকাপের মূল পর্বে খেলবে বাংলাদেশ। নেট রান রেটে এগিয়ে থাকায় ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে বিশ্বকাপে খেলার সুযোগ লাভ করেছেন নিগার সুলতানা জ্যোতিরা। এ জন্য বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে বিএনপি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন, ‘বাংলাদেশ নারী দলের এই জয় দীর্ঘদিনের সংগ্রামের ফসল। নেট রান রেটের কঠিন লড়াইয়ে টিকে থেকে তারা দেখিয়েছে, সীমিত সুযোগেও সম্ভব আন্তর্জাতিক সাফল্য। আমরা গর্বিত।’

বিবৃতিতে বলা হয়, নিগার সুলতানাদের এই পারফরম্যান্স দেশের ক্রীড়া ও নারীর ক্ষমতায়নের চলমান পথচলায় একটি উল্লেখযোগ্য মাইলফলক। সাধারণ মানুষের চোখে নিগারদের ব্যাটে ছিল সাহস, বোলিংয়ে ছিল সংগ্রামের ধার, আর জয়টা ছিল এক নিখাদ আনন্দের বিস্ফোরণ। এমন জয় শুধু মাঠেই নয়, সমাজে ও মানসিকতায় পরিবর্তনের বার্তা দেয়।

প্রসঙ্গত, শনিবার (১৯ এপ্রিল) পাকিস্তানের কাছে হারের পর বিশ্বকাপের মূল পর্বে খেলা অনিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। যদিও ক্ষীণ সম্ভাবনা ছিল। যদি থাইল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ নির্দিষ্ট ওভারের মধ্যে জিততে না পারে, তাহলে ভাগ্য চমকাবে বাংলাদেশের। শেষ পর্যন্ত সে সমীকরণে চড়েই দ্বিতীয়বারের মতো নারী বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিলেন বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশের চেয়ে নেট রান রেটে পিছিয়ে থাকায় থাইল্যান্ডকে শুধু হারালেই চলত না ক্যারিবিয়ানদের, সে কাজটি সারতে হতো নির্দিষ্ট ওভারের মধ্যে। এক্ষেত্রে থাইল্যান্ডের দেওয়া ১৬৭ রানের লক্ষ্য ১০ ওভারের মধ্যে ছুঁতে হতো উইন্ডিজের মেয়েদের। কিন্তু সে লক্ষ্যে পৌঁছাতে ওয়েস্ট ইন্ডিজ পাঁচ বল বেশি খরচ করেছে। আর তাতেই অল্পের জন্য বিশ্বকাপের মূলপর্বে খেলার সুযোগ হাতছাড়া হয়েছে ক্যারিবিয়ানদের, আর কপাল খুলেছে বাংলাদেশের।

আজ (শনিবার) পাকিস্তানের কাছে বাছাইপর্বের শেষ ম্যাচে হারের পর ৫ ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া বাংলাদেশের নেট রান রেট দাঁড়ায় +০.৬৩৯।  অন্যদিকে, থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে ৪ ম্যাচে ৪ পয়েন্ট পাওয়া ওয়েস্ট ইন্ডিজের নেট রান রেট ছিল -০.২৮৩। থাইল্যান্ডের দেওয়া লক্ষ্য ২৩৫ বল হাতে রেখে ছুঁয়ে ফেলায় তাদের পয়েন্ট বাংলাদেশের সমান ৬ হলেও নেট রান রেটে তারা পিছিয়েই থাকে (+০.৬২৬)।

 

সূত্র: যুগান্তর