সিল্কসিটিনিউজ ডেস্ক :
খাই খাই করা নেতাদের বাংলাদেশের মানুষের কাছে ঠাঁই হবে না বলে মন্তব্য করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আরো ৭-৮ মাস পর জাতীয় সংসদ নির্বাচন হবে। তাই এখন রাজনৈতিক আত্মশুদ্ধির সময়। এই সময়টাকে কাজে লাগিয়ে ভাল মানুষগুলোকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করতে হবে।
মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে দশমিনায় বেগম আরেফাতুননেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দশমিনা উপজেলা গণ অধিকার পরিষদ আয়োজিত ইফতার মাহফিলপূর্ব সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নূর আরো বলেন, “সব রাজনৈতিক নেতারা মঞ্চে দাঁড়িয়ে বলেন, ‘মাদক নির্মূল করব কিন্তু অধিকাংশ রাজনৈতিক নেতারাই মাদক ব্যবসায়ীদের সেল্টার দেন।’ তাই সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব হচ্ছে না।”
উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি লিয়ার হোসেনের সভাপতিত্বে ইফতার মাহফিলে বক্তব্য দেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সহিদুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক খায়রুল আলম, দশমিনা উপজেলা বিএনপির সহসভাপতি ডা. গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদল, উপজেলা ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি মজিবুর রহমান প্রমুখ।
সভা সঞ্চালনায় ছিলেন গণ অধিকার পরিষদের পটুয়াখালী জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মো. কালাম পঞ্চায়েত।
সূত্র: কালের কণ্ঠ










