আন্তর্জাতিক

শুধু কুরস্কেই ৬১ হাজার সৈন্য হারিয়েছে ইউক্রেন

নিউজ ডেস্ক১৬ ফেব্রুয়ারি ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেন শুধু কুরস্ক অঞ্চলেই ৬১,০০০-এর বেশি সৈন্য হারিয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রোববার প্রকাশিত এক বিবৃতিতে এমনটাই দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। রুশ বার্তা সংস্থা তাস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, কুরস্ক অঞ্চলে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের ৬১,০১০ জন সৈন্য নিহত হয়েছে। পাশাপাশি ৩৬৫টি ট্যাংক, ২৭৩টি ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকল (আইএফভি), ২১৯টি আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার (এপিসি), ১,৮৮৬টি সাঁজোয়া যুদ্ধ যান, ১,৯৯৪টি মোটরগাড়ি, ৪৪১টি আর্টিলারি ইউনিট এবং ৪৮টি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম (এমএলআরএস) ধ্বংস হয়েছে। এর মধ্যে ১৩টি হাইমারস এবং ৬টি মার্কিন নির্মিত এমএলআরএস অন্তর্ভুক্ত।

ইউক্রেনের আরও সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি

এছাড়াও ইউক্রেন ২১টি বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র লঞ্চার, ৮টি পুনরায় লোডিং যান, ১০৯টি ইলেকট্রনিক যুদ্ধ কেন্দ্র, ১৫টি কাউন্টার-ব্যাটারি রাডার, ৬টি বিমান প্রতিরক্ষা রাডার, ৪৮টি প্রকৌশল ও অন্যান্য সরঞ্জাম, ১৮টি বাধা অপসারণকারী যান, একটি ইউআর-৭৭ মাইন-ক্লিয়ারিং যান, পাঁচটি সেতু স্থাপনকারী যান, একটি প্রকৌশল পুনরুদ্ধার যান, ১৪টি আর্মার্ড মেরামত ও উদ্ধার যান এবং একটি কমান্ড ও স্টাফ যান হারিয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সাম্প্রতিক সংঘর্ষে ২৩০ ইউক্রেনীয় সেনা নিহত

এদিকে গত ২৪ ঘণ্টায় কুরস্ক অঞ্চলে ইউক্রেনের আরও ২৩০ সেনা নিহত হয়েছে। এছাড়া ২টি ট্যাংক, ৫টি আইএফভি (এর মধ্যে একটি মার্কিন নির্মিত ব্র‍্যাডলি আইএফভি), ৩টি এপিসি, ৭টি সাঁজোয়া যুদ্ধ যান, ৮টি মোটরগাড়ি, একটি স্বচালিত আর্টিলারি ইউনিট এবং একটি আর্টিলারি গান ধ্বংস হয়েছে। একই সঙ্গে, ইউক্রেনের ৫টি ড্রোন অপারেটিং স্টেশন ধ্বংস করা হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কুরস্ক অঞ্চলে তিনটি ইউক্রেনীয় পাল্টা আক্রমণ প্রতিহত করা হয়েছে। উত্তর ব্যাটলগ্রুপের আক্রমণের সময় আমাদের বাহিনী ইউক্রেনের দুটি ট্যাংক ব্রিগেড, একটি ভারি মেকানাইজড ব্রিগেড, পাঁচটি মেকানাইজড ব্রিগেড, একটি অ্যাসল্ট ব্রিগেড, তিনটি এয়ার অ্যাসল্ট ব্রিগেড, একটি মেরিন ব্রিগেড, একটি টেরিটোরিয়াল ডিফেন্স ব্রিগেড এবং তিনটি আক্রমণ রেজিমেন্টকে আঘাত করেছে।

এই লড়াইগুলো কুরস্ক অঞ্চলের ভিক্টোরোভকা, গুইয়েভো, কাজাচিয়া লোকনিয়া, কোলমাকভ, কুরিলোভকা, লেবেদেভকা, মাখনোভকা, নিকোলস্কি, রুবানশচিনা এবং সভেরদলিকোভো এলাকায় সংঘটিত হয়েছে।

সূত্র: যুগান্তর