আন্তর্জাতিক

সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলায় নিহতের সংখ্যা সম্পর্কে যা জানা যাচ্ছে

নিউজ ডেস্ক২২ অক্টোবর ২০২৬৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ ও দাম্মামে দুটি পৃথক হামলায় তিনজন প্রবাসী ও একজন সৌদি নাগরিক নিহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) এসব হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

খালিজ টাইমসের প্রতিবেদনে এই খবর বলা হয়েছে।
এদিকে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, মঙ্গলবার রাতে সৌদি আরবের পূর্বাঞ্চলে চারটি ড্রোন আটক করে ধ্বংস করা হয়েছে।

চলতি মাসে ইরান-সমর্থিতহুতি গোষ্ঠীর বিরুদ্ধে সৌদি আরবে ধারাবাহিক হামলা চালানোর অভিযোগ উঠেছে। এসব হামলার মধ্যে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে চালানো হামলাও রয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে এটিকে সৌদি আরবের অন্যতম গুরুতর হামলা হিসেবে উল্লেখ করা হয়েছে।
ইয়েমেনে হুতিদের সঙ্গে সংঘাত তীব্র হওয়ার পাশাপাশি সৌদি আরবের ওপর হামলার ঘটনাও বেড়েছে। ২০১৪ সালে শুরু হওয়া ইয়েমেনের গৃহযুদ্ধে ২০১৫ সাল থেকে সৌদি নেতৃত্বাধীন জোট আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে। দীর্ঘদিন ধরে চলা সংঘাতের মধ্যে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর ইয়েমেনে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে।

এর প্রভাব পড়ছে সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতিতেও।
সৌদি আরবের শায়বাহ তেলক্ষেত্রে ড্রোন হামলা

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে অবস্থিত শায়বাহ তেলক্ষেত্রে ড্রোন হামলার চেষ্টা ঠেকিয়েছে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। বুধবার সকালে তেলক্ষেত্রের একটি প্রক্রিয়াকরণ কেন্দ্র লক্ষ্য করে ড্রোনটি পাঠানো হয়েছিল বলে সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ড্রোনটি প্রতিহত করার পর এর ধ্বংসাবশেষ পড়ে দুই প্রবাসী নিহত হয়েছেন। তারা ফিলিপাইন ও নেপালের নাগরিক।

এ ঘটনায় পাকিস্তান ও ভারতের একজন করে নাগরিক আহত হয়েছেন।
এদিকে ড্রোনটি প্রতিহত করার পর তেলক্ষেত্রের বাইরে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের গাড়িতে আগুন ধরে যায়। তবে এতে তেলক্ষেত্রের কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সৌদি আরবে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, হামলায় একজন ভারতীয় নাগরিক আহত হয়েছেন। তার চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে দূতাবাস।

সৌদি আরবের কিং ফাহদ বিমানবন্দরে হামলা

সৌদি আরবের দাম্মাম শহরের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো আটজন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষ জানায়, বুধবার সন্ধ্যায় বিমানবন্দরটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে নিহতদের একজন ভারতীয় নাগরিক এবং অন্যজন সৌদি আরবের নাগরিক। আহত আটজনের মধ্যে সৌদি আরব, নেপাল, ভারত, ইয়েমেন ও বাংলাদেশের নাগরিক রয়েছেন। তাঁদের আঘাতের মাত্রা সামান্য থেকে গুরুতর বলে জানানো হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ আরো জানিয়েছে, হামলায় বিমানবন্দরের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে। তবে হামলার পর কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও কার্যক্রম শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।