রাজশাহীর খবর

রাজশাহীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে আক্কাস মাস্টার গ্রেফতার

নিউজ ডেস্ক২৬ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে করা মামলায় রাজশাহীর বাগমারার স্থানীয় আওয়ামী লীগ নেতা আক্কাস আলীকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার যাত্রাগাছি বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আক্কাস আলীর বাড়ি উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের দুলালীপাড়া গ্রামে। তিনি কনোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। স্থানীয়ভাবে তিনি আক্কাস মাস্টার ওরফে চিকনা আক্কাস নামেই পরিচিত।

লোকজনের ভাষ্য, আক্কাস মাস্টার রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের সহযোগী ছিলেন। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। দলীয় কোনো পদ না থাকলেও সব কর্মসূচিতে তাঁর সবর উপস্থিতি ছিল।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, আক্কাস মাস্টার পুলিশের তালিকাভুক্ত চরমপন্থী। তাঁর নামে হামলা, প্রতারণা, চাঁদাবাজি, হত্যাচেষ্টাসহ অন্তত ১০টি মামলা আছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে ভবানীগঞ্জ এলাকায় দেশি অস্ত্র নিয়ে হামলা চালান আক্কাস মাস্টার। গোয়ালকান্দি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মুনছুর রহমানকে গুলি করার ঘটনার সঙ্গে তিনি জড়িত।