সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

ইউক্রেনের ‘বিজয় পরিকল্পনা’ জানালেন জেলেনস্কি

Silk City১৯ সেপ্টেম্বর ২০২৪২ মিনিট পড়া
ইউক্রেনের ‘বিজয় পরিকল্পনা’ জানালেন জেলেনস্কি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

রাশিয়ার লাগাতার হামলার মুখে ইউক্রেনে চলমান সংকটের মধ্যে ‘ফ্রোজেন কনফ্লিক্ট’-এর বদলে স্থায়ী শান্তির পরিকল্পনা প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আগামী সপ্তাহে তিনি ওয়াশিংটনের উদ্দেশে রওনা হবেন। এর আগে এ মন্তব্য করেন তিনি।

বুধবার রাতে দেশবাসীর উদ্দেশে দৈনিক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, দেশে শান্তি ফেরানোর রূপরেখা প্রস্তুত হয়ে গেছে৷ অনেক আলাপ আলোচনার পর বিস্তারিত এ রূপরেখা প্রস্তুত হলো৷ সেই পরিকল্পনা বাস্তবায়নের দৃঢ় প্রত্যয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়৷

গত মাসেই জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে সেই পরিকল্পনা পেশ করার অঙ্গীকার করেছিলেন৷

প্রস্তাবিত শান্তি পরিকল্পনার খুঁটিনাটি বিষয় নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট এখনো কিছু জানাননি৷ তবে তার দেশ প্রায় আড়াই বছরের যুদ্ধ অবসানের কোন কোন পূর্বশর্ত মেনে নিতে প্রস্তুত, সেই পরিকল্পনা তা ইঙ্গিত করবে৷

আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের পর নতুন মার্কিন প্রশাসন ইউক্রেনের প্রতি কী মনোভাব দেখাবে, সে বিষয়ে অনিশ্চয়তা দেখা দিচ্ছে৷

ট্রাম্প আবার মার্কিন প্রেসিডেন্ট হলে ইউক্রেনের অবস্থান আরো দুর্বল হয়ে পড়বে বলে ভাবছে রুশ নেতৃত্ব৷ এমন প্রেক্ষাপটে শান্তির বিষয়ে রাশিয়া কতটা আগ্রহ দেখাবে, তা নিয়ে সংশয় রয়েছে৷

উল্লেখ্য, সুইজারল্যান্ডে শান্তি সম্মেলনে ইউক্রেন রাশিয়ার সৈন্যদের নিজস্ব ভূখণ্ড থেকে পুরোপুরি প্রত্যাহার এবং হামলা চালানোর জন্য রাশিয়ার জবাবদিহিতার শর্ত আরোপ করেছিল৷ চলতি বছরেই রাশিয়ার অংশগ্রহণসহ আরও এক শান্তি সম্মেলন আয়োজনের চেষ্টা চলছে৷ জেলেনস্কি নভেম্বর মাসেই এমন সম্মেলনের পূর্বাভাস দিয়েছেন৷

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি জেলেনস্কি বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন৷

ডেমোর্ক্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসের সঙ্গেও তার বৈঠক করার কথা৷ রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও তার সাক্ষাৎ হবে কিনা, তা এখনো স্পষ্ট নয়৷

জেলেনস্কির শান্তি পরিকল্পনা সম্পর্কে রাশিয়ার মনোভাব কী হবে, সে বিষয়েও অনিশ্চয়তা রয়েছে৷ নীতিগতভাবে শান্তির প্রস্তাবে সায় দিলেও ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডে কুরস্ক অঞ্চলের কিছু অংশ দখল করার পর মস্কো আলোচনা সম্পর্কে অনীহা দেখাচ্ছে৷ ইউক্রেনের ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহারের সম্ভাবনাও রাশিয়া বারবার উড়িয়ে দিয়েছে৷

 

সূত্র: যুগান্তর