
গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গরু চোর সন্দেহে একজনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। আটককৃত ওই ব্যক্তি কুষ্টিয়ার কুমারখালী এলাকার হারুন বিশ্বাসের ছেলে অনিক বিশ্বাস (৩০)। রোববার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে রহনপুর পৌর এলাকার বহিপাড়া মহল্লায় গরু চুরি করতে গেলে এলাকাবাসী হাতেনাতে তাকে আটক করে গনধোলাই দেয়। সে আন্তঃজেলা গরু চোর চক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে।
চুরি হতে যাওয়া গরুর মালিক হাবিবুর রহমান জানান, বাড়ির পাশের গোয়ালঘরে ২৪ ডিসেম্বর রাত আনুমানিক তিনটার দিকে জানালা দিয়ে উঁকি মেরে দেখি চোর চক্রের সদস্যরা খুটায় বেধে রাখা গরু চুরি করে নিয়ে যাচ্ছে। তৎক্ষণাৎ বাইরে বের হয়ে চোরের পিছু নিয়ে ধাওয়া করি । ধাওয়ার এক পর্যায়ে সে সরিষা ক্ষেতে আত্নগোপন করে।পরে এলাকাবাসী তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবাইয়ের আহমেদ জানান,খবর পেয়ে পুলিশ সোমবার তাকে আটক করে চিকিৎসার জন্য গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্ৰহন করা হবে ।








