
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
মনোনয়ন যাচাই বাছাইয়ের তৃতীয় দিন চাঁপাইনবাবগঞ্জ-১শিবগঞ্জ আসনের দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা। রোববার (৩ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর তাদের মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।

মনোনয়ন পত্র বাতিলকৃত ব্যক্তিরা হচ্ছেন- চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলামের বড় ভাই সৈয়দ নজরুল ইসলাম এবং আরেক স্বতন্ত্র প্রার্থী মো. শফিকুল ইসলাম।
এ বিষয়ে সৈয়দ নজরুল ইসলাম বলেন, স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে গিয়ে ষড়যন্ত্র করে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আমি নির্দষ্ট সময়ের মধ্যে পরে নির্বাচন কমিশনে আপিল করবো। আর শফিকুল এ বিষয়ে কোন মন্তব্য করতে চাননি।
এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন জানান, নিয়মানুসারে মনোনয়নপত্র জমা দেয়ার সময় প্রার্থীর সমর্থক হিসেবে মোট ভোটারের এক শতাংশ স্বাক্ষর যুক্ত করা হয়। সেটা সঠিক থাকলেও তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম দৈবচয়নের ভিক্তিতে সরেজমিনে তদন্ত করে একজন ভোটারকে মৃত পেয়েছেন। অথচ মনোনয়নপত্রে মৃত ব্যক্তির স্বাক্ষর রয়েছে। বিষয়টি আইনের পরিপন্থী বিধায় সৈয়দ নজরুলের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আর স্বতন্ত্র প্রার্থী মো. শফিকুল ইসলাম মোট ভোটারের এক শতাংশ ভোটারের তালিকা ও স্বাক্ষর প্রদান না করায় তার মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, আইন অনুসারে কোনো স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন দাখিল করার সময় তাকে সংশ্লিষ্ট আসনের এক শতাংশ ভোটারের নাম-পরিচয়সহ স্বাক্ষর নিয়ে আবেদনের সাথে জমা দিতে হয়। সেখান থেকে একজন সরকারীর তদন্ত কর্মকর্তা দৈবচয়নের ভিত্তিতে ১০ জন ভোটারের অবস্থান যাচাই করেন। সংশ্লিষ্ট আসনে উক্ত ভোটারদের উপস্থিতি নিশ্চিত হলেই কেবল মনোনয়ন গ্রহণ করা হয়। অন্যথায় বাতিল বলে গণ্য হয়।
শেষে এই আসনে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়, নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সাংসদ ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল, স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি গোলাম রাব্বানী (আ.লীগ), জাতীয় পার্টির অধ্যাপক আফজাল হোসেন, বিএনএফ মনোনীত নুরুল ইসলাম জেন্টু, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মো. শামসুল হোদা, এনপিপি মনোনীত প্রার্থী আব্দুল হালিম ও জাকের পার্টির মো. আব্দুর রহিমের। #








