
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর ছয়টি আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও তাদের অনুসারীদের মধ্যে বিরাজ করছে চরম উদ্বেগ-উৎকণ্ঠা। কে মনোনয়ন পাচ্ছেন, কে পাচ্ছেন না-সে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে। আজ রোববার বিকেলে দলের পক্ষ থেকে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করা হবে। গত এক সপ্তাহ থেকে রাজশাহীর ছয়টি আসনে মনোনয়ন প্রত্যাশীরা নানা প্রচার-প্রোপাগান্ডা ছড়িয়েছে। দিন যতই গড়িয়েছে, ততই এর ডালপালা বিস্তৃত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে আলোচনা। মনোনয়ন প্রত্যাশীদের অনুসারীরা নৌকার প্রার্থীও নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও করেছেন।

জানা গেছে, দলের মনোনয়ন পাওয়ার পরও জোটের সমীকরণে কোনো কোনো প্রার্থীকে সরে দাঁড়াতে হতে পারে। আবার মনোনয়ন না পেলে জনপ্রিয়তা যাচাইয়ে কেউ কেউ স্বতন্ত্র হিসেবে নির্বাচনের চিন্তাভাবনা করছেন। কাউকে খালি মাঠে গোল দেওয়ার সুযোগ দেওয়া হবে না বলে জানাচ্ছেন তারা। দলীয় প্রার্থীদের নাম ঘোষণার পর সৃষ্টি হতে পারে বিশৃঙ্খল কিংবা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির।
রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আবদুল ওয়াদুদ দারা বলেন, মনোনয়ন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবা নেতাকর্মীদের মধ্যে নানা কথা ভেসে বেড়াচ্ছে। দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া কেউই জানেন না কারা মনোনয়ন পাচ্ছেন। মনোনয়ন বোর্ডের সুপারিশের পর প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এর আগ পর্যন্ত কোনো কথা চূড়ান্ত বলে ধরে নেওয়ার কোনো সুযোগ নেই।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল বলেন, মনোনয়ন চাওয়ার অধিকার সবার আছে। কিন্তু পাওয়ার বিষয়টি নির্ধারণ করবে কেন্দ্র। তাই কে মনোনয়ন পেলেন, কে পেলেন না, সেটা বড় কথা নয়। দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষে কাজ করতে সংশ্লিষ্ট সবাইকে প্রস্তুত থাকতে হবে। রাজশাহী ছয়টি আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে ফরম জমা দেন ৪৪ জন। এর মধ্যে রয়েছেন পাঁচটি আসনের বর্তমান সংসদ-সদস্যরাও। রাজশাহী-২ থেকে ওয়ার্কার্স পার্টির এমপি আছে। এই আসনে সাতজন মনোনয়ন তুলেছেন।
জনপ্রিয় ও এলাকার উন্নয়নে এগিয়ে থাকা সংসদ-সদস্য এবং দলের ত্যাগী নেতারা কেন্দ্রের বিবেচনায় এগিয়ে আছেন-এমন কথা বলা হচ্ছে। কিন্তু নানা সমীকরণে এমপিদের কেউই নিশ্চিত হতে পারছেন না তারা আদৌ মনোনয়ন পাচ্ছেন কি না। যদিও এক সপ্তাহ ধরে শতভাগ নিশ্চয়তার কথা উল্লেখ করে নিজ নিজ পছন্দের প্রার্থীর পক্ষে পোস্ট দিচ্ছেন কেউ কেউ। রাজশাহী ছয়টি আসনজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। কেউ এই আশান্বিত হচ্ছেন তো পরক্ষণে আবার হতাশ হচ্ছেন। আশা-নিরাশার দোলাচলে তারা।
রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরীর মনোনয়ন নিশ্চিত বলে নানা দিক থেকে বলা হচ্ছে। একই অবস্থা রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিন, রাজশাহী-৪ আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হকেরও। অন্য মনোনয়ন প্রত্যাশীরাও মনোনয়ন পেয়েছেন বলে নিশ্চিত করছে তাদের অনুসারীরা। তবে এসব আসনগুলো থেকে কারা মনোনয়ন পাচ্ছেন, তা আঁচ করা যাচ্ছে না। পক্ষে-বিপক্ষে নানা কথা বাতাসে ভেসে বেড়াচ্ছে।
স/আর








