সদ্য প্রকাশিত
কৃষি

নিয়ামতপুরে মাঠেজুড়ে কৃষকের সোনালী স্বপ্ন

নিউজ ডেস্ক৩০ অক্টোবর ২০২৩৩ মিনিট পড়া
নিয়ামতপুরে মাঠেজুড়ে কৃষকের সোনালী স্বপ্ন


সবুজ সরকার, নিয়ামতপুর :

নিয়ামতপুরে ফসলের মাঠের যতদুর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। ফসলের মাঠ যেনো সবুজের সমারোহ। কৃষকের মনে দোলা দিচ্ছে অন্যরকম আনন্দ। চলতি বছর আমন মৌসুমে এখন পর্যন্ত সময়মত আকাশের বৃষ্টিপাত হওয়ায় এবং আবহাওয়া অনুকুলে থাকায় দেখা দিয়েছে আমনের বাম্পার ফলনের সম্ভাবনা।

উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে নিয়ামতপুর উপজেলায় ৩০হাজার ৫০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা থাকলেও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আমন চাষ করা হয়েছে ৩০হাজার ২৪০হেক্টর জমিতে। এর মধ্যে অতিবৃষ্টি ও বন্যায় ৩০ হেক্টর জমির ধান নষ্ট হয়েছে। চলতি মৌসুমে আমনের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রতি হেক্টরে ৪.৫ মেঃ টন ধান। এবার  স্বর্ণা ৫ জাতের ধান বেশি রোপণ করা হয়েছে। এর পাশাপাশি ব্রি- ৭৫, ৮৭, ৯০ ও ৫১ জাতেরও ধান রোপন করা হয়েছে।

উপজেলার বিভিন্ন আমনের মাঠ ঘুরে দেখা গেছে, এখন পর্যন্ত আমনের গাছ বেশ ভাল রয়েছে। আমনের ক্ষেতে তেমন কোন রোগ বালাই দেখা যাইনি। আমনের গাছ ভাল রাখতে আর ধানের উৎপাদন বাড়াতে কৃষকরা দিন রাত নিরলোস পরিশ্রম করে যাচ্ছেন।

কৃষকরা এখন ক্ষেতের পোকামাকড় দমন করতে ঔষধ স্প্রে করা, জমির পানি দেখাসহ বিভিন্ন কাজে ব্যাস্ত সময় পার করছেন কৃষকরা। এখন যেন দ্রুত গতিতে বেড়ে উঠছে আমনের গাছ। মাঠে মাঠে হাওয়ায় দুলছে আমন গাছের পাতা। এর সাথে আনন্দে দুলছে কৃষকদের মন। এবারে মাঠের ফসলে তেমন কোন রোগ বালাই না থাকায় বেশ হাসিখুশি রয়েছেন কৃষকরা। কোন প্রকার প্রাকৃতিক দুর্যোগ না হলে এবারে আমনের বাম্পার ফলন হবে বলে জানান কৃষকরা।

ভাবিচা গ্রামের কৃষক সুমন প্রামানিক জানান, এ বছর আমন ক্ষেত এখন পর্যন্তু ভাল রয়েছে। আকাশের পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় ও আবহাওয়া অনুকুলে থাকায় আর তেমন কোন প্রকার রোগ বালাই না থাকার কারনে এবারে আমন ধানের বাম্পার ফলন হবে বলে তারা আশা করছেন তারা।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসান জানান, আমি ভাবিচা ইউনিয়নে প্রতিদিন ঘুরে ঘুরে কাজ করি এবং কৃষকদের সঠিক পরামর্শ দিয়ে থাকি। ধানকে রোগ বালাই থেকে রক্ষা করে ফলন কিভাবে বাড়ানো যাবে সে বিষয়ে সার্বক্ষনিক কাজ করে যাচ্ছি। তবে কীটনাশকগুলো স্প্রে করার পূর্বে অবশ্যই কোন কৃষি কর্মকর্তাদের সাথে অথবা উপজেলা কৃষি অফিসে যোগাযোগ রাখতে বলেছেন ।

উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান জানান, এবারে পোকার উপদ্রপ কম থাকায় আমাদের ধান উৎপাদনে লক্ষ মাত্রা ছাড়িয়ে যাবে। এখন পর্যন্ত ফসলের মাঠ ভালো আছে। আগামী ১৫/২০ দিনের মধ্যে ধান কাটা শুরু হবে বলে আশা করা যায়। তবে এর মধ্যে প্রাকৃতিক দুর্যোগ না হলে আবহাওয়া অনুকুলে থাকলে আমন ধান উৎপাদনের লক্ষমাত্রা অর্জিত হবে।