
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। রবিবার (২৯ অক্টোবর) বেলা ১১ টায় শহরের মুজিব চত্বরের সামনে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাকিনা খাতুন পারুল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সামাদ বকুল, কেন্দ্রীয় যুবলীগ সদস্য প্রকৌশলী শহিদুল ইসলাম সরকার, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আল কামাল ইব্রাহিম রতন, জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দ, সাধারণ সম্পাদক আশিকুজ্জামান আশিক প্রমুখ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক সেই সময় স্বাধীনতা বিরোধী শক্তি দেশকে অস্থিতিশীল করতে নানান ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) ঢাকায় বিএনপি সমাবেশের নামে গাড়িতে অগ্নিসংযোগ করেছে। ভাংচুর করেছে। পুলিশের ওপর হামলা করেছে। পুলিশ সদস্যকে হত্যা করেছে। আর তাই শান্তি সমাবেশে এমন সহিংস নৈরাজ্যের প্রতিবাদ জানান আওয়ামী নেতৃবৃন্দ।
শান্তি সমাবেশে বক্তারা আরো বলেন, চাঁপাইনবাবগঞ্জ একটি শান্তির শহর। শান্তির জেলা। এখানে কাওকে আগুণ সন্ত্রাস করতে দেয়া হবেনা। বিশৃংখলা করতে দেয়া হবেনা। আর তাই শান্ত নবাবগঞ্জকে অশান্ত করার চেষ্টা করলে, হরতালের নামে আগুন সন্ত্রাস ও ভাংচুর করলে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে পুলিশ হত্যা, গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগকারীদের প্রতিহত করা সহ বিএনপি জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্রের উচিত শিক্ষা দেয়া হবে বলেও হুশিয়ারী উচ্চারণ করেন বক্তারা।
পরে সমাবেশ শেষে বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনের নেতৃত্বে একটি বিশাল শান্তি মিছিল শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশ ও মিছিলে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।








