সিল্কসিটিনিউজ ডেস্ক :
বাংলাদেশ ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের শুরুটা দুর্দান্ত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ওয়ালটন সেন্ট্রাল জোন। প্রাইম ব্যাংক সাউথ জোনের বিপক্ষে প্রথম দিন দাপট দেখিয়েছে ওয়ালটনের বোলাররা।
টস জিতে ফিল্ডিংয়ে নেমে প্রাইম ব্যাংককে ২৬০ রানে অলআউট করেছে ওয়ালটন। জবাবে স্কোরবোর্ডে বিনা উইকেটে ৪ রান তুলে দিন শেষ করেছে শিরোপা প্রত্যাশী ওয়ালটন।

বোলিংয়ে ওয়ালটনকে নেতৃত্ব দিয়েছেন স্পিনার শুভাগত হোম। একাই ৬ উইকেট তুলে নেন ডানহাতি এ স্পিনার। ২টি করে উইকেট নিয়েছেন পেসার আবু হায়দার রনি ও স্পিনার শরীফউল্লাহ।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে আজ ৩ সেশনের ২টিতেই দাপট দেখিয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোন। প্রথম সেশনে ৮৮ রানে ৩ উইকেট তুলে নেয় বোলাররা। ৩টি উইকেটই নেন শুভাগত হোম।

মধ্যাহ্ন বিরতির পর অভিজ্ঞ তুষার ইমরান ও আল-আমিন জুনিয়রের ব্যাটে প্রতিরোধ পায় প্রাইম ব্যাংক। ৯১ রান যোগ করেন দুই ব্যাটসম্যান। কিন্তু চা-বিরতির পর হঠাৎ ছন্দপতন।
ওয়ালটন সেন্ট্রাল জোনের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৮৬ রানে শেষ ৬ উইকেট হারায় প্রাইম ব্যাংক। এখানেও নেতৃত্বে ছিলেন শুভাগত হোম। শেষ বিকেলে আরো ৩ উইকেট নেন তিনি। তবে বিপজ্জনক হয়ে ওঠা তুষার ইমরান ও আল-আমিনের জুটি ভাঙেন শরীফউল্লাহ। ৮১ রানে আউট হন তুষার ইমরান।
এরপর আরো ১ উইকেট নেন প্রথমবারের মতো একাদশে সুযোগ পাওয়া শরীফউল্লাহ। প্রাইম ব্যাংক শিবিরে শেষ আঘাতটি করেন আবু হায়দার রনি। হিট আউটে নিজের উইকেট হারান ৪ চার ও ২ ছক্কায় ৪৩ রান করা সোহাগ গাজী।
দিনের শেষ প্রান্তে ৪ ওভার ব্যাটিংয়ের সুযোগ পায় ওয়ালটন। কোনো উইকেট না হারিয়ে ৪ রান জমা করে চ্যাম্পিয়নরা। সাদমান ইসলাম অনিক ৩ ও আব্দুল মজিদ শূন্য রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।
সূত্র :রাইজিংবিডি










