নিজস্ব প্রতিবেদক:
সহকর্মী ইন্টার্ন চিকিৎসদের যৌন হয়রানিকারী অনারারি মেডিক্যাল অফিসার (এইচএমও) মোজাম্মেল হক বাদলকে বদলির জারিকৃত আদেশের কপি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে বদলির আদেশকৃত চিঠিটি আজ বৃহস্পতিবার সকালে এসে পৌঁছে।
এতে চিকিৎসক মোজাম্মেল হক বাদলকে রামেক হাসপাতাল থেকে বদলি করে পরিচালক রাজশাহী স্বাস্থ্য অধিপ্তরে স্থানন্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের উপপরিচালক বেলাল উদ্দিন।
প্রসঙ্গত, সর্বশেষে গতকাল বুধবার বেলা ১১টার দিকে হাসপাতালের আট নম্বর ওয়ার্ডে দায়িত্বে থাকা একজন নারী ইন্টার্ন চিকিৎসককে ডা. বাদল যৌন হয়রানি করেন। তাৎক্ষণিক বিষয়টি ওই নারী ইর্ন্টান ওয়ার্ড ইনচার্জের কাছে মৌখিকভাবে অভিযোগ করেন। এরপর ওয়ার্ড ইনচার্জ বিষয়টি হাসপাতালের পরিচালককে জানান। তবে অভিযোগ করায় জানতে পেরে ডা. বাদল ওই নারী ইন্টার্নকে অশ্লীল ভাষায় গালিগালাজও করেন।
রামেক সূত্র সিল্কসিটি নিউজকে জানায়, বুধবার সকালের ঘটনাটি হাসপাতালের অন্যান্য ইন্টার্ন চিকিৎসকদের মাঝে ছড়িয়ে পড়লে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। এ সময় হাসপাতালের পরিচালক অভিযোগকারী ওই নারী ইন্টার্ন চিকিৎসককে তাঁর কার্যালয়ে ডেকে পাঠান। একই সাথে তলব করা হয় ডা. মোজাম্মেল হক বাদলকেও। পরে তাকে বদলি করার জন্য ওইদিনই তাকে বদলি করতে স্বাস্থ্য অধিপ্তরে চিঠি দেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রফিকুল ইসলাম।
স/আর









