Sourav Habib
এই জনপদে আমি ছাড়া আর কেউ জেগে নেই
একাই পাহারা দিচ্ছি ঘুমন্ত গ্রামকে।
নিচ থেকে কয়লা তোলা হয়েছে আগেই
ফাঁপা মাটি যদি এখন বিকট শব্দে দেবে যায়;
কিংবা প্রচন্ড ভূমিকম্পে-
জীবন হারায় তার মানবিক অধিকার-
তবে কেউ চিৎকার করবে না
তার আগেই ঘটবে ঘুমন্ত গ্রামের সমাধি।
আমিই ঘুম ভাঙ্গাবো সবার- হুইসেল বাজাবো
এই জনপদে আমি ছাড়া আর কেউ জেগে নেই।
শীতে জবুথবু গ্রাম; ভেসে আসছে হুক্কাহুয়া
শিয়ালের ডাকে কারো খেয়াল নেই
পোষা হাঁস-মুরগি আর ছাগল ছানা ছাড়া
কিছুই নেয়ার ক্ষমতা তার নেই
কিন্তু মাটি খুড়ে যারা তুলে নিচ্ছে কয়লা
তারা মূহুর্তে ভিটে মাটিসহ নিতে পারে
হাজার হাজার শিশু বৃদ্ধ তরুণ তরুনীর জীবন।
এখনই কেঁপে উঠবে এই গ্রামের পৃথিবী
নীরব বাড়ি-ঘর, মেঠোপথ, পুকুরঘাট
সবুজ ধানক্ষেত আঁতকে উঠবে;
হুইসেল আমাকেই বাজাতে হবে
এখনই ইস্রাফিলের শিঙার মত বিকট শব্দে
বেঁজে উঠবে আমার হুইসেল!

লেখক: সৌরভ হাবিব
ব্যুরো প্রধান, দৈনিক সমকাল ও ডিবিসি নিউজ
রাজশাহী।










