নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী জেলা ও মহানগর বিএনপির কমিটি স্থগিতের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার দুপুরে নগরীর অনুরাগ কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলন করে রাজশাহী বিএনপি রক্ষা কমিটি।

সংবাদ সম্মেলণে বলা হয়, বিএনপি চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিকট মিথ্যা, বিভ্রান্তি ও ষড়যন্ত্রমূলক তথ্য উপস্থাপন করে তৃণমূল ও স্থানীয় নেতৃবৃন্দের মতামত না নিয়ে আন্দোলণ বিমূখ রাজনীতিতে নিষ্ক্রিয়, গণবিচ্ছিন্ন ও বিতর্কিত ব্যক্তিবর্গদের নিয়ে পক্ষান্তরে ত্যাগী, পরিশ্রমী, পরীক্ষিত নেতৃবৃন্দের বাদ ও অবমূল্যায়ন করে গত ২৭ ডিসেম্বর মহানগর ও জেলা যথাক্রমে ২১ ও ৩৭ সদস্য বিশিষ্ট বিএনপি’র আংশিক কমিটি ঘোষণা করা হয়। এই বিতর্কিত কমিটি নিয়ে রাজশাহী মহানগর ও জেলার সকল বিএনপি পন্থী নির্বাচিত জনপ্রতিনিধি ও স্থানীয় নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও হতাশার সঞ্চয় পরিলক্ষিত হচ্ছে, পাশাপশি অপরিচিত মূখ ও দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয় কর্মবিহীন অযোগ্য ও চরিত্রহীন ব্যাক্তিরা কমিটিতে স্থান পেয়েছে।
আরো বলা হয়, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলণ, স্থানীয় ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এরুপ বিতর্কিত সমন্বয়হীন কমিটি দলের মধ্যে দীর্ঘ মেয়াদে বিভেদ, অস্থিরতা ও অচলাবস্থার সৃষ্টি করবে। এতে দলীয় শৃঙ্খলা ও কার্যক্রম ব্যাপকবাবে ক্ষতিগ্রস্থ হবে।
বিএনপ’র চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়ার ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টি আকর্ষণ করে সংবাদ সম্মেলনে বলা হয়, অনতিবিলম্বে সদ্য ঘোষিত বিএনপি’র বিতর্কিত কমিটি যটি স্থগিত করে বৃহত্তর দলীয় স্বার্থ বিবেচনা করে এবং মহানগর ও জেলা বিএনপি কে বাঁচানোর জন্য তৃণমূল ও সকল সিনিয়র নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে নতুন পুন: গঠনের জোর দাবী জানানো হয়।
রাজশাহী বিএনপি রক্ষা কমিটির আহ্বায়ক নজরুল হুদার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন রাজপাড়া থানা বিএনপির সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক আলী হোসেন, শাহ মখদুম থানা বিএনপির সভাপতি মনিরুজ্জামান শরিফ, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, মতিহার থানা বিএনপির সভাপতি আনসার আলী, সাধারণ সম্পাদক নাজমুল হক, রাজশাহী সিটি করপোরেশনের কাউন্সিলর মনির হোসেন, নুরুজ্জামান টিটো, বেলাল আহম্মেদ, মুসলিমা বেগম বেলী প্রমুখ।
স/শ









