কাজী কামাল হোসেন, নওগাঁ
রাস্তা না থাকায় পাঁচ কিলোমিটার বেশি ঘুরে উপজেলা সদরে যেতে হতো ধামইরহাট উপজেলার মইশড় ও জগদল গ্রামের বাসিন্দাদের। সরকারি বরাদ্দের আশায় বসে না থেকে ওই দুই গ্রামের বাসিন্দারা স্বেচ্ছাশ্রমে প্রায় দুই কিলোমিটার রাস্তা নির্মাণ করতে শুরু করেছেন।
মঙ্গলবার ধামইরহাট ইউনিয়নের মইশড় জামে মসজিদ থেকে জগদল গ্রামের লতিফ মাস্টারের বাড়ি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ধামইরহাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কামরুজ্জামান।

পরে মইশড় ও জগদল গ্রামের প্রায় ১ হাজার মানুষ কোদাল, ডালি নিয়ে রাস্তা নির্মাণ কাজে নেমে পড়েন। রাস্তা নির্মাণের জন্য স্থানীয় চেয়ারম্যান গ্রামবাসীদের জন্য দুপুরে ভোজের ব্যবস্থা করেন।
গ্রামবাসীদের সঙ্গে কথা বলে জানা যায়, ধামইরহাট উপজেলা সদর থেকে জগদল গ্রামের দূরত্ব সাত কিলোমিটার আর মইশড় গ্রামের দূরত্ব পাঁচকিলোমিটার। রাস্তা না থাকায় জগদল ও কালুপাড়া গ্রামের লোকজনদের এতদিন হকতকী ডাঙ্গা বৈদ্যবিহার হয়ে ঘুরে ধামইরহাট উপজেলা সদরে আসতে হতো। এতে জগদল ও কালুপাড়া গ্রামের প্রায় চার হাজার মানুষকে পাঁচ কিলোমিটার রাস্তা বেশি যাতায়াত করতে হতো।
মইশর গ্রামের প্রবীণ বাসিন্দা দেলদার হোসেন বলেন, ‘রাস্তাটি নির্মাণের জন্য এলাকার লোকজন চেয়ারম্যান ও এমপির কাছে বহুবার আবেদন করেছে। ভোটের সময় আশ্বাস দিলেও পরে আর খোঁজ নেইনি। অবশেষে গ্রামের লোকজন সরকারি অনুদান ও বরাদ্দের আশায় না থেকে নিজেদের রাস্তা নিজেরাই নির্মাণ করতে শুরু করেছে। দুই গ্রামের প্রায় এক হাজার মানুষ স্বেচ্ছাশ্রমে রাস্তাটি নির্মাণে এগিয়ে এসেছে।’
জগদল গ্রামের বাসিন্দা রেজাউল ইসলাম ও আব্দুুলাহ বলেন, মইশর গ্রামের সঙ্গে তাঁদের গ্রামের সরাসরি যোগাযোগ না থাকায় তাঁদেরকে পাঁচ কিলোমিটার রাস্তা বেশি ঘুরে ধামইরহাট উপজেলা সদরে যেতে হতো। রাস্তাটি নির্মাণ হলে এত দিনের কষ্ট লাঘব হবে।
স্থানীয় চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, ইউনিয়ন পরিষদের বরাদ্দ থেকে চাহিদামাফিক উন্নয়ন করা সম্ভব হয় না। তাই মইশড়, জগদল ও কালুপাড়া গ্রামের মানুষের দাবি সময়মতো পূরণ করা সম্ভব হইনি। তবে তাঁরা নিজেরাই নিজেদের রাস্তা নির্মাণ করে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা অনেকের জন্যই অনুকরণীয় হয়ে থাকবে।
স/অ










