নিজস্ব প্রতিবেদক:
ঢুলির ঢোল শহরত এবং লাল সালু টাঙিয়ে পুলিশ ও আদালতের লোকজন এক কৃষককে জমির দখল বুঝিয়ে দেওয়ার আবারো তা দখলের অভিযোগ পাওয়া গেছে। রাজশাহীর বাগমারা উপজেলার কামনগর গ্রামের শরাফতুল্যাহ তাঁর লোকজন নিয়ে তা দখল করেছেন বলে অভিযোগ করা হয়। সকালে স্থানীয় প্রেসক্লাবে এসে এই অভিযোগ করা হয়।
উপজেলার দেউলা গ্রামের কৃষক অছিমদ্দিন জানান, তাঁর মায়ের সম্পত্তির অংশ হিসাবে তিনি কামনগর গ্রামে দুই একর জমি পান। তবে দুই বিঘা জমি শস্যসহ ওই গ্রামের বাসিন্দা শরাফতুল্যাহসহ কয়েকজন ব্যক্তি নিজেদের দখলে রাখেন। তিনি দখলমুক্ত করার চেষ্টা করেও প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ার কারণে তা পারেননি। পরে তিনি রাজশাহীর জেলা জজ আদালতে মামলা করেন।
মামলার প্রেক্ষিতে রাজশাহীর জজ আদালতের যুগ্ম হাকিম আশরাফুল ইসলাম চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি জমিটি বুঝে দেওয়ার পক্ষে রায় ঘোষণা করেন। এর পর গত ৭ নভেম্বর থানার এক প্লার্টুন পুলিশ ও আদালতের লোকজন এলাকায় এসে ঢোল পিটিয়ে ও বিবাদজমির চারপাশে লালসালু টাঙিয়ে জমিটি অছিমদ্দিনকে বুঝে দেন। সকাল থেকে বিকেল পর্যন্ত তৎপরতা চালিয়ে জমি বুঝে দেওয়া হয়।

জমিটি বুঝে পাওয়ার পর সেখানে কিছু অংশে চাষাবাদ করেন। তবে কিছুদিন পর আওয়ামী লীগের ওই নেতা লোকজন নিয়ে দখলের চেষ্টা করেন। সম্প্রতি ( তিনি লালসালু অপসারণ করে শস্যসহ জমিগুলো আবারো দখলে নিয়েছেন। এই বিষয়ে তিনি থানায় অভিযোগও দেওয়া হয়েছে।
অভিযোগের পর দুপুরে সরেজমিনে এলাকায় গিয়ে আওয়ামী লীগ নেতা সরাফত আলীর জমি দখলের অভিযোগের সত্যতা পাওয়া যায়। স্থানীয় বাসিন্দা শফির উদ্দিন, সিদ্দিুকুর রহমান, মকছেদ সরদার জানান, আদালত জমি অছিমদ্দিনকে বুঝে দিলেও পরে শস্যসহ দখল করে নেওয়া হয়েছে।
স্থানীয় বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান বলেন, শরাফতুল্যাহ যেভাবে শস্যসহ জমি দখল করেছেন তা ঠিক হয়নি। ওইসব নেতারা দলের ভাবমূর্তি ক্ষুন্ন করছে বলে মন্তব্য করেন। এসব নেতাদের বিচার হওয়া উচিত বলেও মন্তব্য করেন।
বাগমারা থাানার উপপরিদর্শক (এসআই) হাসমত আলী জানান, আদালতের নির্দেশ মোতাবেক পুলিশ ও আদালতের লোকজন সহকারে জমিগুলোর দখল অছিমদ্দিনকে বুঝে দেওয়া হয়েছে। তবে সেগুলো প্রতিপক্ষরা আবারো দখল করেছেন বলে জেনেছেন।
কৃষক অছিমদ্দিন অভিযোগ করেন, জমি দখলকারীরা স্থানীয়ভাবে প্রভাবশালী। তাঁরা জমি দখল করা ছাড়াও বিভিন্ন ভাবে হুমকী দিয়ে আসছেন।
এই বিষয়ে আওয়ামী লীগের বাগমারা উপজেলা শাখার উপদেষ্টা কমিটির সদস্য শরাফতুল্যাহ জমি দখলের অভিযোগ স্বীকার করে বলেন, জমিগুলো তাঁর কেনা। তবে অছিমদ্দিন মামলা করে নিজের পক্ষে রায় নিয়েছেন, এই বিষয়ে তিনি কিছুই জানেন না। আদালত থেকে কোনো কাগজপত্রও পাননি বলে দাবি করেন। এজন্য তিনিসহ অন্যরা জমি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছেন।
তবে মামলার বাদী জানান, গত ২০১০ সালে তাঁদের আসামি করে আদালতে মামলা করেছিলেন। তাঁরা সবই জানেন।
স/অ










