মঞ্জুরুল আলম মাসুম, বাগাতিপাড়া সংবাদদাতা:
গ্রাম বাংলার চিরায়ত রুপ কালের বিবর্তে যখন হারাতে বসেছে তেমনি সময়ে, “জীবন বিকশিত হোক, বিনয়ে অভিনয়ে” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের বাগাতিপাড়ার দয়ারামপুর সংলগ্ন ধুপইল শহীদ মিনারে নাটক ও যাত্রাপালার সমন্বয়ে উদযাপিত হলো দুইদিন ব্যাপী নাটুয়া উৎসব। বৃহস্পতিবার সন্ধ্যায় এ উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার ধুপইল গ্রামের নাট্যজন ধীরাজ কুমার সুর চৌধুরী স্মরণে সম্মাননা দেওয়া হয় নাট্য ব্যক্তিত্ব বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য কাজী সাইদ হোসেন দুলালকে। শীতের প্রকোপ উপেক্ষা করে উৎসব উপভোগ করতে বিপুল সংখ্যক দর্শকের সমাগম হয় সেখানে। এবারের উৎসবে অংশ গ্রহন করে নাটোর ও টাঙ্গাইলসহ স্থানীয় বেশ কয়েকটি সংগঠন।

নাটোরের চলন নাটুয়া সংগঠনের আয়োজনে দুইদিনের এ উৎসবের প্রথম দিন মঞ্চস্থ্ হয় নাটক বনকাব্য ও যাত্রাপালা বিজয় বসন্ত। দেবাশীষ কুন্ডুর নির্দেশনায় বাগাতিপাড়ার বকুল স্মৃতি থিয়েটার মঞ্চস্থ করে আহসান কবীর লিটন রচিত নাটক ‘বনকাব্য। এ নাটকে বাঙ্গালীর সকল পেশাজীবীদের কাছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস জানতে চায় ও জানাতে চায় এ ভূখন্ডের বন্যপ্রাণীরা। কিন্তু তাদের উপস্থাপনের মধ্য দিয়ে ইতিহাসের সত্য তথ্য খুঁজে পাওয়া যায় না।
অবশেষে কবি গুরুর “আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি” এই গানটিকে বক্ষে ধারণ করে তারা খুঁজে পেতে চায় প্রকৃত ইতিহাস। অপরদিকে হীরেন্দ্র কুমার দাস রচিত ‘বিজয়বসন্ত’ নাটকটি মঞ্চস্থ করে চলন নাটুয়ার শিল্পীবৃন্দ। এ নাটকের সার্বিক নির্দেশনায় ছিলেন সংগঠনের আহবায়ক ফারুক হোসেন। উৎসবের সমাপনি দিন শুক্রবার টাঙ্গাইলের ভুঁয়াপুরের ধুমকেতু থিয়েটার মঞ্চস্থ করে মান্নান হীরা রচিত ‘খেঁকশিয়াল’, নাটোরের ইঙ্গিত থিয়েটার মঞ্চস্থ করে প্রদীপ দেওয়ানজীর রচিত ‘দাবি’ ও চলন নাটুয়া মঞ্চস্থ করে সিকান্দার আবু জাফরের রচিত ‘সিরাজউদ্দৌলা’। দুই দিনেই দর্শকদের সমাগম ছিল চোখে পড়ার মত।
চলন নাটুয়া সাংস্কৃতিক সংগঠনের আহবায়ক ফারুক হোসেন জানান,এসব আয়োজন দর্শকদের শুধু সংস্কৃতির শেকড়েই টানবে না, জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদকসহ নানা অপরাধ থেকে যুব সমাজকে ফিরিয়ে আনতে ব্যাপক ভূমিকা রাখবে।
স/শ










