নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী অঞ্চলের মানুষকে আত্মনির্ভরশীল করতে গরু-ছাগল, হাঁস-মুরগির প্রতিপালন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টেকসই উন্নয়ন নিশ্চিতকরণের জন্য প্রাণিসম্পদ প্রতিপালনের অন্যতম হাতিয়ার হতে পারে।

বৃহস্পতিবার পবা উপজেলার মোল্লাডাইং গ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি।
বর্তমান সরকারের আমলে গৃহীত উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী আরো বলেন, আগামী ২০২১ সালের মধ্যে সরকার দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এজন্য সপ্তম পঞ্চ-বার্ষিক পরিকল্পনা, এনএসএপিআর-২, রূপকল্প ২০২১ সহ বিভিন্ন উন্নয়ন নীতিমালা বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি প্রাণিসম্পদ জাত ও ব্যবস্থাপনার মান উন্নয়নের মাধ্যমে দরিদ্র মানুষের আত্ম-কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। সরকারের এই উন্নয়ন রূপকল্প বাস্তবায়নে তিনি হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন।
তিনি আহ্বান জানান যাতে এই গ্রামের প্রতিটি বাড়ি প্রানিসম্পদ পালনের মাধ্যমে উৎপাদন ও আয় বৃদ্ধি করে এবং ক্ষুধা ও দারিদ্র দূরীকরনের মডেল হিসাবে বাংলাদেশের মধ্যে পরিচিতি লাভ করে। এই উদ্দ্যেগ বাস্তবায়নের লক্ষ্যে সরকারের সাথে হেইফার ইন্টারন্যাশনাল ও অন্যান্য উন্নয়ন সহযোগী সংগঠন কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বেসরকারি উন্নয়ন সংগঠন হেইফার ইন্টারন্যাশনাল এ অনুষ্ঠানের আয়োজন করে। হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন।
এছাড়াও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ আসাদুজ্জামান, উপ-পরিচালক মৎস্য অধিদপ্তর আব্দুল অদুদ, স্থানীয় সরকার বিভাগ রাজশাহীর উপ-পরিচালক দেওয়ান শাহরিয়ার ফিরোজ, রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিজামউদ্দীন, পবা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইসমাইল হক, হুজুরীপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আকতার ফারুক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জালাল উদ্দিন সরদার এবং ওয়েভ ফাউন্ডেশনের উপ নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন প্রমুখ।
আলোচনা সভায় অনান্য বক্তারা উন্নত প্রাণিসম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে দরিদ্র মানুষকে আয়বৃদ্ধিমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উপর বিশেষ গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে স্থানীয় বেতার শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর গম্ভীরা পরিবেশন করা হয়। এছাড়া প্রতিমন্ত্রী প্রাণি সম্পদ প্রতিপালনের মাধ্যমে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণের কৌশলসমূহ দেখার জন্য বিভিন্ন পরিবার সরেজমিনে পরিদর্শন করেন।
স/অ










