নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের প্রায় ১৩ টি কক্ষের তালাতে আঠা লাগিয়েছে দুর্বৃত্তরা। ফলে ক্লাসে ঢুকতে পারেনি শিক্ষক-শিক্ষার্থীরা। তবে কে বা কারা এ কাজ করেছে তা এখনও জানা যায়নি।
কয়েকজন শিক্ষার্থী বলেন, ‘প্রহরী থাকতে এ ধরনের ঘটনা কীভাবে ঘটে তা আমাদের বোধগম্য নয়। এ ধরনের ঘটনায় আমাদের ক্লাস বন্ধ থাকবে এটা কখনো আশা করা যায় না।’ এদিকে এ ঘটনা কারা ঘটিয়েছে সে সম্পর্কে কিছুই বলতে পারেনি প্রহরীরা।
বিভাগের সভাপতি অধ্যাপক মোস্তফা আনোয়ার সিল্কসিটি নিউজকে বলেন, ‘আমি সকালে এসে বিষয়টি জানতে পারি। কিন্তু এ ন্যাক্কারজনক কাজ কে বা কারা করেছে কিছুই বুঝতে পারছি না।’
তবে প্রহরী থাকা সত্বেও আঠা লাগানো কীভাবে সম্ভব হতে পারে এমন প্রশ্নে তিনি বলেন, ‘আসলে প্রহরীর সংখ্যা খুব সীমিত। ফলে তাদেরকে সব সময় পুরো অনুষদে সবসময় চলাফেরা করতে হয়।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান সিল্কসিটি নিউজকে বলেন, ‘বিষয়টি আমাকে বিভাগ থেকে জানানো হয়েছে। তাদেরকে তালা ভেঙে ক্লাস চালু রাখতে বলা হয়েছে।’

স/অ









