ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বড় ভাইকে মারধরের সংবাদ শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার রাতে গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ী ত্রিমোহনী বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, গোমস্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডলের সমর্থকরা নয়াদিয়াড়ী ত্রিমোহনী বাজার এলাকার আয়েশ উদ্দিন মন্ডলের ছেলে গুলজারকে (৪৫) মারধর করে। এ সংবাদ শুনে তার ছোট ভাই কামাল (৪২) হৃদরোগে আক্রান্ত হয়ে রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলেই মারা যায়।

এদিকে এ ঘটনায় আহত গুলজারকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
গোমস্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল জানান, সন্ধ্যায় তার কিছু সমর্থকের সঙ্গে গুলজারের কথা কাটাকাটি হয়। এ সংবাদ শুনে আতংকিত হয়ে ছোট ভাই কামাল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়।
এ ব্যাপারে গোমস্তাপুর থানার ওসি শেখ শাহিন কামাল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
স/শ









