সদ্য প্রকাশিত
রাজশাহী

পুলিশ পাহারায় নিয়োগ পরীক্ষা : উপস্থিতি ৬৩ শতাংশ

নিউজ ডেস্ক২৫ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
পুলিশ পাহারায় নিয়োগ পরীক্ষা : উপস্থিতি ৬৩ শতাংশ

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শেখ রাসেল মডেল স্কুলের শিক্ষক ও কর্মচারী নিয়োগ পরীক্ষায় কোন ধরনের বিপত্তি ছাড়াই অনুষ্ঠিত হয়েছে। তবে অনিশ্চয়তার জন্য পরীক্ষার্থীর উপস্থিতি মাত্র ৬৩ শতাংশ বলে জানিয়েছেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আনসার উদ্দিন।

আজ রোববার রাবির সিরাজী ভবনে পুলিশ পাহারায় সকাল ৯টা থেকে দেড় ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

অধ্যাপক আনসার উদ্দিন সিল্কসিটি নিউজকে বলেন, কোন ধরনের ঝামেলা ছাড়াই আজকের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সহকারী শিক্ষক, হিসাব সহকারী, অফিস সহকারী পদে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।  এতে মোট ৫২০ জন চাকরি প্রার্থী আবেদন করেন এবং পরীক্ষায় বসেন ৩২৯ জন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পরীক্ষায় গত দুইদিনের রাজনৈতিক ঝামেলার কারণে অনিশ্চয়তার মুখে পরীক্ষার্থীদের উপস্থিতি কম।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর রাবির শেখ রাসেল মডেল স্কুলে ১৩টি পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে ৯জন সহকারী শিক্ষক, একজন হিসাব সহকারী, একজন অফিস সহকারী ও দুই জন সাধারণ কর্মচারী পদের বিপরীতে আবেদন সংগ্রহ করা হয়।

শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক বলেন, পরীক্ষায় উত্তীর্ণদের এসএমএস’র মাধ্যমে ভাইভার তারিখ জানিয়ে দেয়া হবে।

গত ২১ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের আয়া ও মালি নিয়োগের ভাইভা পরীক্ষায় বাধা দিয়ে পরীক্ষা বন্ধ করেন রাজশাহী নগরীরর মতিহার থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরপর গত ২৩ ডিসেম্বরের বিশ্ববিদ্যালয়ের ক্যাটালগ, ডাটা এন্ট্রি অপারেটর ও গ্রন্থাগার সহকারী নিয়োগের পরীক্ষায় বাধা দিয়ে পরীক্ষা বন্ধ করে দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা।

স/অ