নিজস্ব প্রতিবেদক
আজ যিশুখ্রিষ্টের জন্মদিন। তবে যিশুখ্রিষ্ট যে আজকের দিনেই জন্মেছিলেন সেই বক্তব্যের কোনো সঠিক যুক্তি পাওয়া যায়নি। আদি যুগের খ্রিষ্টানদের বিশ্বাস অনুযায়ী এই দিনের ঠিক নয় মাস পূর্বে মেরির গর্ভে প্রবেশ করেন যিশু। অন্যদিকে এটিকে একটি ঐতিহাসিক রোমান উৎসব বলা হয়, যা উত্তর গোলার্ধের দক্ষিণ অয়নান্ত দিবসের সঙ্গে সংগতিপূর্ণ।
এ দিনটি উপলক্ষে আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহীর সিটি চার্চে বড়দিনের বিশেষ প্রার্থনা শুরু করা হয়। এসময় চার্চের মধ্যে সবাই গেয়ে উঠেন ‘ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা ও পৃথিবীতে তাহার প্রিয়পাত্র মনুষ্যদের মধ্যে শান্তি।’ এ বড়দিন উপলক্ষে রাজশাহী জেলার খ্রিস্টান সম্প্রদায় বেথলেহেম সেই আবহ সৃষ্টি করতে তাদের বাড়িতে তৈরি করেছেন প্রতীকী গোশালা।

যিশুখ্রিষ্ট ভক্ত বর্ষা সিল্কসিটিনিউজকে বলেন, আমাদের বাসা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুইপার কলনীতে। আজ এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। আমরা বাবা-মা ভাইয়াসহ প্রতিবছর আসি। অনেক ভালো লাগছে। আমাদের অনেক আত্মীয়স্বজন এখানে এসেছে।
রাজশাহী নগরীর বাগানপাড়া চার্চের ফাদার পল গোমেজ বলেন, একই সময়ে প্রার্থনার আয়োজন করা হয় দ্বিতীয় বড় উপাসনালয় বাগানপাড়া চার্চেও। বিশেষ উপাসনা শেষে দুপুরে রয়েছে প্রীতিভোজ। এদিকে, রাতে ৯টায় কীর্তন গান প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এছাড়া সিটি চার্চ ও ডিঙ্গাডোবা চার্চসহ অন্যান্য উপাসনালয়ে রাতে যিশু খ্রিস্টকে স্মরণ করে প্রার্থনা করা হবে। এতে বাংলাদেশসহ বিশ্বের মানুষের সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। এদিকে, গির্জা ও হোটেলেগুলো বড়দিনের ঐতিহ্যবাহী জাঁকজমকপূর্ণ সাজসজ্জায় সেজেছে। গোশালা স্থাপন, রঙিন কাগজ, ফুল ও আলোর বিন্দু দিয়ে ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে দৃষ্টিনন্দন করে।
গির্জা ও অভিজাত হোটেলগুলোতে টুকটুকে লাল পোশাক পরা সফেদ দাঁড়ি-গোঁফের বুড়ো সান্তাক্লজ উপহারের ব্যাগ কাঁধে নিয়ে ছোট্ট সোনামণিদের হাতে তুলে দিচ্ছেন মজার মজার উপহার। দিনটি উদযাপন উপলক্ষে চার্চগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন।
স/আ










