আত্রাই প্রতিনিধি :
নওগাঁর আত্রাইয়ে দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা বাড়ির লোকজনকে মারপিট করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় সাড়ে সাত লাখ টাকার মালামাল নিয়ে গেছে। ঘটনাটি শুক্রবার গভীর রাতে উপজেলার তিলাবদুরী গ্রামের তোতা মল্লিকের বাড়িতে ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে ১০/১৫ জনের ডাকাত দল তোতা মল্লিকের বাড়ির জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে তোতা মল্লিকসহ বাড়ির লোকজনকে মারপিট করে ঘরে রক্ষিত নগদ টাকা ও ১৪ ভরি স্বর্ণালংকারসহ প্রায় সাড়ে সাত লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। সংবাদ পেয়ে আত্রাই থানার ওসি বদরুদ্দোজা ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।

শনিবার নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। আত্রাই থানার ওসি বদরুদ্দোজা বলেন, বিষয়টি আমরা খুব গুরুত্বের সাথে খতিয়ে দেখছি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
স/অ










