নিজস্ব প্রতিবেদক :
টেন্ডার আহ্বান ছাড়াই বিক্রি করা হয়েছে টেলিফোন রাজস্ব অফিসের দুটি গাছ। গাছ দুটি স্থানীয় একজন ব্যবসায়ীর কাছে ১২ হাজার টাকায় বিক্রি করা হয়েছে এমন অভিযোগ উঠেছে।
গতকাল শুক্রবার রাজশাহী মহানগরীর অলকার মোড় এলাকার বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানী লিমিটেড হিসাব রক্ষণ অফিসারের কার্যালয় টেলিফোন রাজস্ব অফিস থেকে একটি শিশুগাছ ও একটি জামগাছ কেটে বিক্রি করা হয়।
জানা যায়, টেলিফোন অফিসের পেছনের দিকে অবস্থিত বড় আকারের দুইটি গাছ বিক্রি করা হয়। যা বাজার মূল্যের থেকে অনেক কম দামে বিক্রি করা হয়। এরমধ্যে শিশু গাছ ৭ হাজার টাকা ও জাম গাছ ৫ হাজার টাকায় বিক্রি করা হয়।

এদিকে, অফিস কর্তৃপক্ষের থেকে গাছ দুটি বিক্রি করার জন্য কোন টেন্ডার আহ্বান করা হয় নি। তবে কে বা কারা গাছ দুটি বিক্রি করেন তা কেউ স্বীকার করতে রাজি না। তবে গাছ বিক্রির বিষয়ে অফিসের হিসাব সংরক্ষণ অফিসার রফিকুল ইসলাম কিছুই জানেন না বলে দাবি করেন তিনি।
স্থানীয় ব্যবসায়ী মো. কালু মোট ১২ হাজার টাকা গাছ দুইটি কিনে নেন। শুক্রবার সরকারি বন্ধের দিন হওয়ায় অফিসে কেউ না থাকার সুযোগে গাছ দুটি বিক্রি করা হয়। এছাড়া শনিবার ও রোববার সরকারি ছুটি রয়েছে অফিস। তাই অফিস কর্তৃপক্ষের কাউকে ঘটনা স্থলে পাওয়া যায় নি।
টেলিফোন রাজস্ব হিসাব সংরক্ষণ অফিসার রফিকুল ইসলামের সঙ্গে গতকাল রাতে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি অফিসে ক’দিনের ছুটিতে আছি। কে বা কারা গাছ কেটে নিয়ে গেছে তা আমার জানা নেই। তবে আমি এবিষয়ে খোঁজখবর নিয়ে দেখবো।
স/আ










