নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর মান্দায় সংখ্যালঘু পরিবারের এক মেয়েকে তুলে নিয়ে যেতে ও শ্মশানের জমি দখলে বাধা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের লোকজনের ওপর ব্যাপক তা-ব চালিয়েছে বাদশা বাহিনী। উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোল্লা এমদাদুল হকের ছেলে মহিদুল হক বাদশা মাতাল অবস্থায় শনিবার সন্ধ্যায় ১৫-২০ জন ক্যাডার নিয়ে প্রসাদপুর বাজারে সম্প্রদায়ের বাড়ি-দোকানপাটসহ রাস্তা পথে সশস্ত্র এ হামলা চালায়।
সন্ত্রাসীরা অনুপ কুমার মহন্তের বাড়ি ভাঙচুরসহ তার স্ত্রী ও ছোটভাইকে মারপিট করে। ৬টি মোটরসাইকেল ভাঙচুরসহ আওয়ামীলীগের বিজয় মিছিল পরবর্তী এক সমাবেশে হামলা চালায়। এ ঘটনায় ফুঁসে উঠেছে হিন্দু সম্প্রদায়সহ সর্বস্তরের মানুষ।

ঘটনার পর নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম, নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাধন মজুমদার এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান খান, মান্দা সার্কেলের পুলিশ সুপার আব্দুর রাজ্জাক খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঘটনার প্রতিবাদে রোববার বেলা ১১টায় উপজেলা পুজা উদযাপন পরিষদের ডাকে হিন্দু সম্প্রদায় প্রসাদপুর বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশে পুজা পরিষদের নেতা প্রবীণ কুমার দাস, মনোজিৎ কুমার সরকার, পরিমল কুমার রায়, বিশ্বনাথ মন্ডল, প্রলয় কুমার সরকার প্রমুখ বক্তব্য দেন।
বক্তরা বলেন, বাদশা বাবা উপজেলা আওয়ামীলীগের সভাপতি হওয়ায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের একটি মহিলা চিকিৎসককে জোর পূর্বেক তুলে নেয়ার চেষ্টা উপজেলায় হাজারো সন্ত্রাসী কর্মকান্ড করে যাচ্ছেন। উপজেলায় লাখ লাখ টাকার বালু অবৈধ্যভাবে উত্তোলন, সরকারি সম্পত্তি দখল, হিন্দু সম্প্রদায়ের সম্প্রত্তি দখল করে গেলেও প্রশাসন তার এবং তার বাহিনীর বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি।
হিন্দু পরিষদের নেতারা এ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে বাদশাসহ তার ক্যাডার বাহিনীকে গ্রেফতারে পুলিশ প্রশাসনকে তিনদিনের আল্টিমেটাম দিয়েছে। এ বিষয়ে প্রশাসন গড়িমসি করছে এবং বর্তমানে আবারো গড়িমসি করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলারও হুমকি দেয় সংখ্যালঘু নেতারা। ব্যবসায়িদের ওপর হামলার ঘটনায় প্রসাদপুর বাজার বণিক সমিতিও সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দোকানপাট বন্ধ রেখে সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানায়।
উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদকঅনুপ কুমার মহন্ত জানান, বাদশা বাহিনীর ক্যাডার সুমন কুমার ঘোষ ও আশরাফুল ইসলাম প্রসাদপুর শ্মশানের জমি দখলের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। তারা গত ১৪ ডিসেম্বর রাতে হিন্দু সম্প্রদায়ের এক মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে যাবার চেষ্টা করে। এ ঘটনায় ১৫ ডিসেম্বর দুপুরে সুমন ও আশরাফুলকে মারপিট করে মেয়ে পক্ষের লোকজন। ঘটনার জের ধরে শনিবার সন্ধ্যায় বাদশা বাহিনী প্রসাদপুর বাজারে ঘন্টাব্যাপি এ তাণ্ডব চালায়।
তিনি আরো বলেন, সন্ত্রাসীরা তার বাড়িতে হামলা চালিয়ে মোটরসাইকেল, ফ্রিজ, আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এসময় তারা অনুপ মহন্তের অসুস্থ স্ত্রী সরমা রানী, ভাই পার্থ প্রতীম লিটু ও প্রতিবেশি দীপ্তকে মারপিট করে। সন্ত্রাসীরা মহন্ত অটোজে হামলা চালিয়ে তিনটি মোটরসাইকেল ভাঙচুর করে। বাজারের হিন্দু পল্লীর গোবিন্দ গোস্বামী বাড়িতে হামলা চালিয়ে তার ভাই গোপাল গোস্বামীকে কান ধরে উঠবস করাসহ তাদের একটি মোটরসাইকেল ভাঙচুর করে।
উপজেলা পুজা উদযাপন কমিটির আহবায়ক প্রবীণ কুমার দাস জানান, বাদশা বাহিনী প্রসাদপুর বাজার থেকে হিন্দু বিতাড়িত করার ঘোষণা দিয়ে বাপ্পী নাগের বর্ষা কসমেটিকস ও দেবুর টিভি মেরামতের দোকানে হামলা চালায়। এসময় তাদের মারপিটসহ দোকান বন্ধ করে দেয়া হয়। মারপিটের ভয়ে বাজারের হিন্দু সম্প্রদায় তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যায়। ঘটনার পর থেকে বাজারের হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি আরো বলেন, মেয়েকে তুলে নেয়ার চেষ্টার ঘটনায় তার বাবা থানায় অভিযোগ দিলেও পুলিশ এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। এমনকি ওই ঘটনায় মামলাও রেকর্ড করা হয়নি।
এদিকে ঘটনার একদিন পেরিয়ে গেলেও ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ে চরম ক্ষোভ, অসন্তোষ ও আতঙ্ক বিরাজ করছে।
মান্দা উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোল্লা এমদাদুল হক এর ছেলে মহিদুল হক বাদশার সাথে সেল ফোন এবং বাদশার প্রসাদপুর বাজারের প্রতিষ্ঠানে গিয়েও তাকে না পাওয়ায় কোন বক্তব্য পাওয়া যায়নি।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান ভাংচুর ও মারপিটের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে। ঘটনার পর থেকে হামলাকারিরা পলাতক থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি দাবি করেন।
ওসি আরও বলেন, সম্প্রতি থানায় যোগদান করারপরই তার বিরুদ্ধে অনেক অভিযোগের সত্যতা পেয়েছি এবং তাকে সতর্কভাবে চলা ফেরা করার জন্যে নির্দেশও দেয়া হয়েছে। তাকে এবং তার বাহিনীকে কোন ছাড় দেয়া হবে না বলেও তিনি জানান।
পুলিশ সুপার মোজাম্মেল হক বিপিএম পিপিএম জানান, সন্ত্রাসীরা যে দলেরই হোক, কাউকে ছাড় দেয়া হবে না। পুলিশ তাদের বিরুদ্ধে আইনী তৎপরতা শুরু করেছে।
স/শ










