সদ্য প্রকাশিত
রাজশাহী

শিক্ষার্থীদের আন্দোলনে ফরম পূরনের ফি কমলো ৫০০ টাকা

নিউজ ডেস্ক১৭ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
শিক্ষার্থীদের আন্দোলনে ফরম পূরনের ফি কমলো ৫০০ টাকা

নিজস্ব প্রতিবেদক:
অতিরিক্ত ফি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে রাজশাহী শহীদ কামারুজ্জামান ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। আজ শনিবার সকাল থেকেই অধ্যক্ষের কক্ষের সামনে বসে আন্দোলন করতে থাকে এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থীরা।

 
শিক্ষার্থীদের অভিযোগ , সরকারী কলেজ হয়েও ফরম ফিলাপে অতিরিক্ত হারে ফি বৃদ্ধি করেছেন শিক্ষকেরা। অন্যান্য কলেজ যেখানে ২ হাজার টাকা করে ফরম ফিলাপের জন্য আদায় করছে সেখানে এই কলেজ থেকে আদায় করা হচ্ছে ৩ হাজার ৬৫০ টাকা। আবার অনেকের বকেয়াসহ মোটা অংকের টাকা আদায় করছে কলেজ প্রশাসন। আর ফি বৃদ্ধির কথাও হয়েছে শিক্ষার্থীদের না জানিয়েই। এরই প্রতিবাদে শনিবার সকাল থেকে আন্দোলনে নেমে পড়ে শিক্ষার্থীরা।

 
২য় বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান জানায়, সরকারী কলেজ হয়েও বেসরকারী কলেজের ন্যায় বাড়তি ফি আদায় করা হচ্ছে। শিক্ষা বোর্ড আদায় করা হচ্ছে মাথা পিছু প্রায় ২ হাজার টাকা কিন্তু আমাদের কাছে নেয়া হচ্ছে ৩ হাজার ৬৫০ টাকা। শিক্ষকেরা ইচ্ছে মতো আমাদের উপর ভার চাপিয়ে দিচ্ছেন। আমরা কোন বাড়তি টাকা দিতে চাই না।

 
শামীম হোসেন জানায়, বেতন বকেয়া বাবদ  পাওনা আছে ৪০০ টাকা সেখানে আমাকে আজ এসে বলে আমার বকেয়া রয়েছে ৬০০ টাকা। এমন অনেকের কাছে একই ভাবে বাড়তি টাকা আদায় করা হচ্ছে। সবকিছু মিলে আমাদের কাছে এখন মোট ৪ হাজার ২০০ টাকা চাচ্ছে।  এভাবে কোন কলেজে টাকা আদায় করা হচ্ছে না।

 
শনিবার সকাল থেকে চলা এ আন্দোলনে প্রায় শতাধিক শিক্ষার্থী অধ্যক্ষের কক্ষের সামনে বিক্ষোভ করতে থাকে। পরে দুপুর আড়াইটার দিকে কলেজ প্রশাসনের পক্ষ থেকে ফি ৫০০ টাকা কমিয়ে আনা হলে তা মেনে নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।

 
এ বিষয়ে কলেজের উপাধ্যক্ষ আব্দুল খালেক শান্ত সিল্কসিটি নিউজকে বলেন, আমরা কোন ফি বৃদ্ধি করিনি। কলেজ সরকারী হওয়ায় তাদের সেশন ফি বাবদ যা পাওনা ছিল তা আদায় করা হচ্ছে যা দিতে তারা নারাজ। তাই শিক্ষার্থীরা তাদের দাবি আমাদের কাছে তুলে ধরেছে।

 
তিনি বলেন, এ বিষয়ে আমরা অধ্যক্ষের সাথে কথা বলেছি। শিক্ষার্থীদের কথা বিবেচনায় এনে ৫০০ টাকা করে কমিয়ে দেয়া হয়েছে।
স/শ