রাজশাহীর খবর

রাজশাহীতে রেল লাইনের নিচ দিয়ে বিদ্যুতের তার: অভিযানে পড়লো কাটা

নিউজ ডেস্ক৩০ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে রেল লাইনের নিচ দিয়ে বিদ্যুতের তার নেওয়ার অভিযোগে ১০টি দোকানে অভিযান চালিয়েছে বিদ্যুৎ বিভাগ। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর দড়িখরবোনা এলাকায় অভিযান চালিয়ে দোকানগুলোর বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়।

 

জানা গেছে, রেলওয়ের মহাপরিচালকের রাজশাহীতে আগমন উপলক্ষে রাজশাহী রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন স্থান পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। এটি করতে গিয়ে নগরীর দড়িখরবোনা এলাকায় রেল লাইনের নিচ দিয়ে বিদ্যুতের তার নিয়ে যাওয়ার বিষয়টি চোখে পড়ে রেলওয়ে কর্মচারীদের। 

 

এরপর তাদের অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে দড়িখরবোনা এলাকায় অভিযান চালায় বিদ্যুৎ বিভাগ।

 

রাজশাহী বিদ্যুৎ বিভাগের ডিভিশন-৪ এর সহকারী প্রকৌশলী মোজ্জামেল হক সিল্কসিটি নিউজকে বলেন, এই এলাকার অনেক দোকান ও কারখানা আছে। যাদের দোকান রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রাস্তার পাশে। কিন্তু দোকানগুলোর কারখানা রেললাইনের উত্তর পাশে। 

 

ওই কারখানাগুলোতে দোকান মালিকরা রেল লাইনের নিচ দিয়ে বিদ্যুতের তার নিয়ে গিয়ে সেখানে সংযোগ দিয়েছেন। এতে করে ট্রেন চলাচল মারাত্মক ঝুঁকির মধ্যে ছিল। এ কারণেই সেই সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়েছে। সবমিলিয়ে ১০টি দোকানের লাইন কেটে দেওয়া হয়েছে।

 

তিনি বলেন, ওই বিদ্যুতের তার থেকে শট সার্কিট হয়ে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার মধ্যে পড়তে পারে ট্রেন। এতে করে ট্রেন চলাচলের সময় বা পথচারীরাও রেললাইন ধরে হাঁটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ঠ হতে পারেন। তবে এই ধরনের কর্মকাণ্ড পরবর্তিতে করা হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

অভিযানের সময় রাজশাহী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী শাহীন আলমসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

স/আর