নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুর থানার মধ্য বয়সী ওয়াসিম কায়সার দীর্ঘদিন থেকে পেটে পাথর নিয়ে ঘুরছেন। মার্চের শেষ ভাগে স্বাস্থ্য পরীক্ষায় বিষটা ধরা পড়লে চিকিৎসকেরা তাকে অপারেশনের পরামর্শ দেন। তবে এর মাঝে করোনা পরিস্থিতিতে রাজশাহীর বেসরকারী সকল হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা সেবা প্রায় বন্ধ হয়ে আছে করোনা আতঙ্কে। ফলে তিনি চাইলেও ডাক্তার দিয়ে অপারেশনটি করাতে পারেননি। বিধান এখন পর্যন্ত পেটে অনাকাঙ্খিত সেই পাথরসহ দৈহিক যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন।
ওয়াসিম জানান, তিনি দীর্ঘ দুই মাস থেকে রাজশাহীর বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে যোগাযোগ করছেন। চিকিৎসা কেন্দ্রগুলো থেকে তাকে জানান হয়েছে সংশ্লিষ্ট চিকিৎসক না থাকায় তারা তাকে প্রয়োজনীয় সেবা দিতে পারবেন না। চিকিৎসক কবে নাগাদ বসবেন তারো কোনো নিশ্চিয়তা দিতে পারেনি এই প্রতিষ্ঠানগুলো।


রাজশাহীর লক্ষীপুর ইসলামী ব্যাংক হাসপাতালের প্রধান ফটকে দাঁড়াতেই নিরাপত্তা কর্মী তাপমাত্রা পরিমাপের যন্ত্র নিয়ে হাজির। কপালের কাছে ধরে তাপমাত্রা দেখে ভেতরে প্রবেশের অনুমতি দিলেন। ভেতরে ১০ পা এগুতেই দেখা গেলো আল্ট্রাসোনগ্রাম রুমের সামনে একদল নারী ও পুরুষের গাদাগাদি অবস্থান। সেখানে স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই। ভেতরে নিরাপত্তা কর্মী থাকলেও কেউ তাদের স্বাস্থবিধি মেনে দূরত্ব বজায় রেখে চলাচল করতে বা বসার পরামর্শ দিচ্ছে না।
একই অবস্থা পপুলার, ল্যাবএইড, আমানাসহ রাজশাহীর প্রতিষ্ঠিত ক্লিনিক ও ডায়াগনস্টিগুলোতেও। প্রতিষ্ঠানগুলো রোগী ও তাদের স্বজনদের কাছ থেকে কাউন্টারের মাধ্যমে টাকা নিয়ে সোজা রুম নম্বর দেখিয়ে দিয়েই খালাশ।
নগরীর সকল হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিকগুলোর বিরুদ্ধে রোগীদের প্রায় একই অভিযোগ, প্রসূতি বিভাগের রোগীদের সেবা দেয়া হলেও মেডিসিন বিভাগ, গুরুত্বপূর্ণ কয়েকটি অপারেশনসহ বেশকিছু বিভাগের রোগীদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে না।
আবার যেসব ডাক্তার বসছেন তারা সময়মতো চেম্বারে আসছেন না। রোগীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। ক্লিনিক ও ডায়াগনস্টিগুলোর কাউন্টারে যোগাযোগ করা হলে তারা বলছেন, বেশকিছু বিভাগরের ডাক্তার চেম্বারে বসছেন না, তাই ওই বিভাগগুলোর রোগীদের ফিরিয়ে দেয়া হচ্ছে।
স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইটের দেয়া তথ্যে দেখা যায়, রাজশাহী জেলায় অনুমোদিত ৪১১টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংক রয়েছে। যার মধ্যে নগরীর রাজপাড়া থানাধীন ক্লিনিক পাড়া হিসেবে পরিচিত লক্ষীপুরেই রয়েছে ১৬০টি। এরবাইরেও বেশকিছু অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টান সিভিল সার্জন ও স্বাস্থ্য বিভাগের নাকের ডগায় তাদের কর্মকাণ্ড নির্দিধায় চালিয়ে যাচ্ছে। আর অনুমোদিত প্রতিষ্ঠানগুলোর মান ও চিকিৎসা সেবা নিয়েও রোগীদের মাঝে রয়েছে প্রশ্ন।
সরকারি নির্দেশনা মতো প্রতিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে নিয়ম মতো তাদের প্রতিষ্ঠান খুলে রাখতে হবে। পাশাপাশি রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। রোগী ও তাদের স্বজনদের অভিযোগ মতে, রাজশাহীতে এই নির্দেশনা যেমন লঙ্ঘন হচ্ছে তেমনি এই বিষয় তদারকিতে মাঠে কোন প্রশাসনকে কাজ করতে দেখা যায়নি।
এদিকে রাজশাহীর প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালগুলোর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা জানায়, একদিকে করোনা পরিস্থিতি অন্যদিকে রাস্তায় যানবাহ কম, যার ফলে রোগীর চাপ তুলনামূলক কমে গেছে। তারা এ নিয়ে বিপাকে পড়েছেন। এই মুহূর্তে অফিসের যাবতীয় খরচ চালানোই তাদের জন্য দুরহ হয়ে পড়েছে। তবে ডাক্তারদের চেম্বারে না বসা নিয়ে বা চিকিৎসা সেবা বন্ধ করা নিয়ে তারা কোন মন্তব্য করতে রাজি হননি। আর প্রতিষ্ঠিানগুলোতে যে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না তাও তারা অস্বীকার করেন।
আরও পড়ুন
রাজশাহী ‘রেড জোন’ নিয়ে প্রশ্ন
সুশাসন বিশ্লেষক সুব্রত পাল বলেন, প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টি সেন্টারগুলো দীর্ঘদিন চিকিৎসা সেবার নামে রোগীদের কাছ থেকে মুনাফা তুলেছেন। দেশের এই ক্রান্তি লগ্নে তাদের উচিত সকলের স্বাস্থ্য সেবা নিশ্চিতের মাধ্যমে সরকারকে সহযোগিতা করা। ডাক্তাদের কাছে আগে যেখানে ১০০ জন রোগী আসতেন, এখন হয়তো কম আসছে। তবে আসছে তো। স্বাস্থ্য বিধি মেনে এই রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। এমনটা না হলে স্বাস্থ্য বিভাগ এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এটাই কাম্য।’
রাজশাহী নগরীর ১২০টি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান নিয়ে গঠিত রাজশাহীর প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এ্যসোসিয়েশন। যার সথ্যে ৪০টি ক্লিনিক ও ৮০ ডায়াগনস্টিক সেন্টার।
সংগঠনটির সাধারণ সম্পাদক মখলেসুর রহমান বলেন, বেসরকারী খাতের চিকিৎসা কেন্দ্রগুলোর খুবই দুর্দীন চলছে। এই মুহুর্তে রাজশাহীতে রোগীর সংখ্যা খুবই কম। যার ফরে সকল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের পক্ষে নিজেদের প্রতিষ্ঠান চালু রাখা সম্ভভ হচ্ছে না। তবুও সরকারের নির্দেশনা মতো চালু রাখতে আমরা বাধ্য হচ্ছি।
তিনি বলেন, আমরা রাজশাহীর স্বাস্থ বিভাগীয় পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্যের কাছে আবেদন করি যাতে বাই রোটেশনে প্রতিষ্ঠানগুলো চালুর সুযোগ করে দেয়া হয়। তবে তিনি আমাদের সেই অনুরোধ রাখেননি। তিনি আমাদের বুঝিয়েছেন সরকারি নির্দেশনা অমান্য করা যাবে না। প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রণোদনার জন্য সরকারের কাছে এপ্রিলের শেষ দিকে আবেদন করা হয়েছে। এমন অনেক ক্লিনিক ও ডায়াগনস্টিক আছে এই পরিস্থিতিতে যাদের পক্ষে অফিসের ব্যায়ভার বহন করতে পারা অসম্ভভ হয়ে পড়েছে।
অন্যদিকে এসোসিয়েশনের সভাপতি আব্দুল মান্নান বলেন, রাজশাহীর যেকটি বড় ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার আছে তারাই ঠিক মতো রোগী পাচ্ছে না। সে কারণে চিকিৎসকদের উপস্থিতিও কম। তবে বেশকিছু ডাক্তার শনিবার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোগী দেখা শুরু করেছেন। এর মধ্যে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, কার্ডিওলজির নিশিত কুমার মজুমদার, আইয়ুব আলী, নিউরোমেডিসিনের ফখরুদ্দিন, আমজাদ হোসেন প্রমুখ।
রাজশাহী জেলার সিভিল সার্জন ডা. এনামুল হকের মোবাইল নম্বরে কল করা হলে তিনি জানান তিনি মিটিংএ আছেন, পরে কথা বলবেন।
স/আর









