নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বাগমারায় খুরশেদ আলাম (৪২) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মাড়িয়া ইউনিয়নের বড় মাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান ওসি সেলিম হোসেন।
নিহত খুরশেদ আলম একই গ্রামের মৃত আজাহারের ছেলে। বাড়িতে যাতাযাতের রাস্তা না দেয়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে এ খুনের ঘটনা বলে ওসি সেলিম জানান।

তিনি বলেন, প্রতিবেশী আব্দুল খালেকের বাড়ির উঠান দিয়ে খুরশেদ আলমের বাড়িতে যাওয়ার রাস্তা। আব্দুল খালেক ওই রাস্তা ব্যবহার করতে দিবে না বলে বেড়া দিয়ে দেয়। এর জের ধরে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে খুরশেদ আলম ও আব্দুল খালেকের মধ্যে ঝগড়া শুরু হয়। এরই এক পর্যায়ে আব্দুল খালেক হাঁসুয়া দিয়ে খুরশেদ আলমের ঘাড়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই খুরশেদ আলম মারা যান।
ওসি সেলিম হোসেন আরও বলেন, লাশের সুরতহাল তৈরী করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত আব্দুল খালেক ঘটনার পরে পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।
স/আর









