নিজস্ব প্রতিবেদক:
স্থানীয় এমপিকে অবগত না করায় রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরে জঙ্গি ও মাদকবিরোধী সমাবেশ করতে পারলো না পুলিশ। এমপি’র আপত্তির কারণে আজ মঙ্গলবার বিকেল তিনটা থেকে ওই অনুষ্ঠানটি হওয়ার কথা থাকলেও সেটি পণ্ড করতে বাধ্য হয় পুলিশ।

অথচ অনুষ্ঠানটি আয়োজনের জন্য একদিন আগ থেকেই এলাকায় মাইকিং করে লোক জমায়েত হওয়ার আহ্বান জানানো ছাড়াও বানেশ্বর বাচারের কাচারি মাঠে মঞ্চও তৈরী করা হয়েছিল। কিন্তু দুপুর হওয়ার আগেই সেই মঞ্চ ফের ভেঙে ফেলা হয়।
পুঠিয়া থানা সূত্র মতে, জঙ্গি ও মাদকবিরোধী সমাবেশে প্রধান হিসেবে বক্তব্য দেওয়ার কথা ছিল রাজশাহী পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেনের। স্থানীয় ব্যবসায়ী ওবাইদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার আসলাম উদ্দিন, পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামান, পুঠিয়া থানার ওসি হাফিজুর রহমান, বানেশ্বর ইউনিয়ন চেয়ারম্যান গাজী সুলতানসহ স্থানীয় গণ্যমান্য আরো কয়েকজন ব্যক্তির ।
সূত্রটি আরো জানায়, পুঠিয়া থানা পুলিশের আহ্বানে স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে গঠিত কমিউনিটি পুলিশিং ইউনিটের উদ্যোগে মঙ্গলবার বিকেল তিনটা থেকে বানেশ্বর বাচারের কাচারি মাঠে জঙ্গি ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ওই সমাবেশের বিষয়টি স্থানীয় এমপি আব্দুল ওয়াদুদ দারাকে জানায়নি পুলিশ এমনকি স্থানীয়রাও।
এ নিয়ে ক্ষুব্ধ হন এমপি আব্দুল ওয়াদুদ। তিনিও এই ধরনের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আগ্রহ প্রকাশ করেন। তবে মঙ্গলবারের অনুষ্ঠানটি বাতিল করে নতুন করে দিন ঠিক করারও নির্দেশ দেন এমপি। পুঠিয়া থানা পুলিশ ওই নির্দেশ পাওয়ার পরে আজকের অনুষ্ঠানটি বাতিল করতে বাধ্য হন বলেও নিশ্চিত করেছেন পুলিশের একাধিক সূত্র।
তবে হঠাৎ করে এ সমাবেশটি পণ্ড হয়ে যাওয়ায় স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে চরম ক্ষোভ। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ব্যবসায়ীরা দাবি করেন, পুলিশ এমপিকে ছাড়া জঙ্গি ও মাদকবিরোধী সমাবেশ করতে পারবে না, সেটি আগে স্থানীয়দের জানালে তারা কখনোই আজকে সেই আয়োজন করতেন না। কিন্তু আয়োজন করেও সেটি শেষ মুহূর্তে এসে পণ্ড হয়ে যাওয়ায় আয়োজকদের ভাবমূর্তি এলাকাবাসীর কাছে ক্ষুন্ন হয়েছে বলেও দাবি করেন অনেকেই।
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে পুঠিয়া থানার ওসি হাফিজুর রহমান সিল্কসিটি নিউজকে বলেন, ‘এসপি স্যারের আরেকটি প্রোগ্রাম থাকায় তিনি থাকতে পারবেন না বলে সমাবেশটি শেষ মুহূর্তে এসে বাতিল করতে হয়েছে। এমপি সাহেব থাকতে পারবেন না বলে সমাবেশ বাতিল করার বিষয়টি ঠিক না।’
তবে রাজশাহী জেলা পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন সিল্কসিটি নিউজকে বলেন, ‘কেন ওই সমাবেশ পণ্ড হলো সেটি বলতে পারবো না। তবে আগামিতে আবার এই ধরনের আয়োজন করা হবে। তখন সবাইকে একসঙ্গে নিয়েই আয়োজন করা হবে।’
বিষয়টি নিয়ে এমপি আব্দুল ওয়াদুদ দারার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘তারা পুলিশিং কমিটির উদ্যোগে একটি আয়োজন করতে চেয়েছিল শুনেছি। এ নিয়ে আমি কোনো আপত্তি তুলেনি। তবে সেখানে আমি থাকলে ভাল হতো এটা পুলিশ সুপারকে আমি বলেছি। আমি না থাকলে দলের লোকজনও মন খারাপ করছিল।’
স/আর









