নওগাঁ প্রতিনিধি:
নানা আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার নবান্ন উৎসব পালিত হয়েছে। জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, পিঠা উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে বেলা ১১টায় সার্কিট হাউস চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসক (ডিসি) ড. আমিনুর রহমানের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।
পরে সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলামের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সাংসদ আবদুল মালেক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডিসি আমিনুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আ ত ম আব্দুল্লাহেল বাকী প্রমুখ।
আলোচনা শেষে জেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজন করা হয় পিঠা উৎসবের। অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন পিঠা প্রদর্শনী স্টল পরিদর্শন করেন।
এছাড়া জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ নওগাঁ জেলা শাখা নবান্ন উৎসব উপলক্ষে শহরের সমবায় অফিস চত্বরে আলোচনা সভা, পিঠা উৎসব এবং সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
জেলার নিয়ামতপুর, ধামইরহাট, সাপাহার ও মান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে নবান্ন উৎসব পালিত হয়েছে।
স/শ










