সদ্য প্রকাশিত
রাজনীতি

দুর্নীতির রুই-কাতলারা ক্ষমতাসীনদের কাছে দেশ প্রেমিক : রিজভী

নিউজ ডেস্ক১৪ অক্টোবর ২০১৯৩ মিনিট পড়া
দুর্নীতির রুই-কাতলারা ক্ষমতাসীনদের কাছে দেশ প্রেমিক : রিজভী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভোটের নামে প্রকাশ্যে জালিয়াতির উৎসব শুরু হয়েছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘বড় বড় দুর্নীতির মহারথীরা ক্যাবিনেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত আছেন। কারণ, ক্ষমতাসীনদের কাছে দুর্নীতির রুই-কাতলারা হচ্ছে দেশ প্রেমিক। সুতরাং তাদেরকে কেউ স্পর্শ করতে পারবে না।’

আজ সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।

বিএনপির এই নেতা বলেন, ‘আজ ঝিনাইদহ জেলার মহেষপুর ও চট্টগ্রাম জেলার সাতকানিয়াতে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে ভোটগ্রহণ শুরু হলেও ভোটারদের সেখানে ঢুকতে দেওয়া হয়নি। মহেষপুরে প্রত্যেকটি ভোট কেন্দ্র থেকে বিএনপি প্রার্থীর এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়েছে। রাস্তার মোড়ে-মোড়ে লাঠিসোটা ও ধারাল অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে আওয়ামী সন্ত্রাসীরা। একই অবস্থা সাতকানিয়াতেও।’

রিজভী বলেন, ‘এই দুই উপজেলাতে আওয়ামী সন্ত্রাসীদের সাথে পাল্লা দিয়ে পুলিশও ভোটারদের বের করে দিচ্ছে। ভোটের নামে প্রকাশ্যে ভোট জালিয়াতির উৎসব শুরু হয়েছে। স্থানীয় প্রশাসনকে এই বিষয়ে অবহিত করলে তারা দেখছি বলে নিরব দর্শকের ভূমিকা পালন করছে। ’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘নির্বাচন কমিশন সরকারের জাদুর বাক্সে পরিণত হয়েছে। তারা দিনের নির্বাচন রাতে করে এবং ভোটার তালিকায় জীবিত মানুষকে মৃত দেখায়। বিগত নির্বাচনগুলোতে যে সমস্ত ভোটাররা জাতীয় নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচনগুলোতে ভোট দিয়েছে, ভোটার তালিকায় এখন তাদের মৃত দেখানো হচ্ছে।’

প্রধান নির্বাচন কমিশনারকে জাদুকর উল্লেখ করে রিজভী বলেন, ‘এই জাদুকর প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনারদের অধীনে নির্বাচনে প্রকৃত ভোটারদের ভোট দেওয়ার অধিকার নেই। যে সরকার দেশ, মাটি, পানি, গ্যাস বিক্রি করে, যারা দেশের সার্বভৌমত্বকে অন্যের হাতে তুলে দেয়, তারা কখনই সুষ্ঠু নির্বাচন দেবে না।’

‘পর দেশের কাছে সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়ে দালালির পারিশ্রমিক হিসেবে ক্ষমতায় টিকে থাকার গ্যারান্টি পেয়েছে, তাদের অধীনে নির্বাচনে ভোটার শূন্যই হবে-এটাই স্বাভাবিক’, বলেন রিজভী।

ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়াটা গভীর ষড়যন্ত্রের অংশ দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘ছাত্র রাজনীতিকে যারা কলুষিত করেছে, মারামারি-দলাদলিকে যারা উৎসাহিত করেছে, ক্যাম্পাসে আধিপত্য প্রতিষ্ঠা বিস্তারে যারা মদদ দিয়েছে, তারাই প্রকৃত ছাত্র রাজনীতিকে মানুষের চোখে হেয় করেছে। তারাই এখন সমগ্র ছাত্র রাজনীতিকে বন্ধ করে দিতে চাচ্ছে।’

রিজভী বলেন, ‘স্বাধীনতার পরপরই ব্যালোট বাক্স ছিনতাই ও শহীদ মিনারে ছাত্রী লাঞ্ছনার মধ্য দিয়ে ছাত্রলীগ তাদের যাত্রা শুরু করে। তাদের উত্তরসূরিরাই বর্তমানে বিশ্ববিদ্যালয়ে হলে হলে প্রচলিত বিধিবিধানকে তোয়াক্কা না করে নিষ্ঠুর ও সর্বনাশা নির্যাতন ব্যবস্থা গড়ে তুলেছে। আর এটা সম্ভব হয়েছে সরকারের ছত্রছায়ায়।’

সরকারের ছাত্র-ছায়ায় ছাত্রলীগ নিষ্ঠুর ও সর্বনাশা নির্যাতন ব্যবস্থা গড়ে তুলেছে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘হলে হলে টর্চার সেল গঠিত হয়েছে। একের পর এক ক্ষমতাসীন ছাত্রলীগ দ্বারা শিক্ষার্থী খুনের ঘটনা ঘটছে। এর ভয়ংকর রূপ দৃশ্যমান হলো মেধাবী ছাত্র আবরার ফাহাদের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। তাদের এই কদাচারের জন্য সমগ্র ছাত্রসমাজ বা ছাত্র রাজনীতি দায়ী হতে পারে না।’

রিজভী বলেন, ‘আত্মসম্মানহীন একটি নিপীড়ক সংগঠন ছাড়া ছাত্রলীগ আর কিছুই নয়। এর জন্য বহু শতাব্দীর ‘অ্যাকাডেমিক ফ্রিডম’সহ বহু মুক্তি আন্দোলন সংগ্রামের পথিকৃত ছাত্রসমাজে ছাত্র রাজনীতিকে কাঠ গড়ায় দাঁড় করানো ঠিক নয়।’