সিল্কসিটিনিউজ ডেস্ক:
বিএনপি দেশের মানুষের স্বার্থ রক্ষায় মাঠে নেমেছে বলে সরকার ভীত হয়ে বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার করছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ অভিযোগ করেছেন।
তিনি বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে গ্রেফতার করার মাধ্যমে সরকার তার মিশন শুরু করেছে।

রোববার রাজধানীর গুলশানে নিজ বাসভবনে প্রবারণা পূর্ণিমা উৎসব উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ অভিযোগ করেন ড. মোশাররফ।
তিনি বলেন, দেশে বাকস্বাধীনতা নেই বলে আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে। শনিবার এ হত্যার প্রতিবাদে আয়োজিত বিএনপির সমাবেশ থেকে বহু নেতাকর্মীকে আটক করা হয়েছে।
ড. মোশাররফ বলেন, সরকার ভারতের সঙ্গে যে চারটি চুক্তি করেছে, তার সবই দেশের স্বার্থবিরোধী। এ চুক্তির ফলে ফেনী নদীর পানি ভারত নিয়ে যাবে। চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করবে, বিদেশ থেকে এলপিজি গ্যাস এনে তা ভারতকে দেওয়া হবে আর সমুদ্রসীমায় রাডার স্থাপন করবে। সব চুক্তিই ভারতের স্বার্থে করা হয়েছে। এসব চুক্তি বাতিল করতে হবে।
প্রধানমন্ত্রী দেশের জন্য কিছুই আনতে পারেননি অভিযোগ করে ড. মোশাররফ বলেন, এসব বিষয় নিয়ে আবরার যে স্ট্যাটাস দিয়েছে, তা সারা দেশের মানুষের মনের কথা।
বুদ্ধিস্ট স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নেতাদের পাশাপাশি শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকোমল বড়ুয়া, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যফ্রন্টের নেতা গৌতম চক্রবর্তী, সুশীল বড়ুয়া, বিপ্লব বড়ুয়া, জিকু বড়ুয়া প্রমুখ।










