নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর মান্দায় হাটে অতিরিক্ত টোল আদায়, লুটপাট, অবৈধ দখল, সন্ত্রাস ও জঙ্গীবাদ এর বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে সতীহাট গ্রোয়ার্স মার্কেটের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি মান্দা উপজেলা শাখার উদ্যোগে এবং সতীহাট অবৈধ টোল আদায় প্রতিরোধ কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সরকারী নির্দেশনা মেনে চলার পাশাপাশি অবিলম্বে চাঁদাবাজি বন্ধ করে সরকার কর্তৃক নির্ধারিত টোল আদায় এবং সরকারি টোল আদায়ের তালিকা সম্বলিত সাইন বোর্ড প্রতিটি বাজারে টাঙ্গানোর দাবীতে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সতীহাট অবৈধ টোল আদায় প্রতিরোধ কমিটির সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক হারুন অর রশিদ এর সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিপিবি কেন্দ্রীয় কমিটি সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডাঃ এসএম ফজলুর রহমান ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক সংবাদ এবং দৈনিক উত্তরের খবর এর নওগাঁ জেলা প্রতিনিধি কাজী কামাল হোসেন, সিপিবি মান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড আব্দুস সোবহান, সদস্য কমরেড হাফিজুর রহমান, কমরেড সেকেন্দার আলী, কমরেড ওসমান গনি, কমরেড আলাউদ্দীন, কমরেড ওহিদুর রহমান প্রমূখ। বক্তব্য রাখেন কৃষকলীগ নেতা মকলেছুর রহমান, রাম চন্দ্র প্রমূখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক আকবর আলী মন্ডল, সতীহাট বনিক সমিতির সভাপতি ফিরোজ হোসেন মন্ডল, কাজী আবুল কাসেম, সাংবাদিক মাহবুবুজ্জামান সেতু, রমজান আলী প্রমূখ।
বক্তারা বলেন, সিপিবি মান্দা উপজেলা শাখা মান্দার বিভিন্ন হাটে অতিরিক্ত টোল আদায়ের বিরুদ্ধে দীর্ঘ দিন যাবৎ সভা-সমাবেশ, স্মারক লিপি প্রদান সহ লড়াই করে আসছে। ফলে ঈদ-উল-আজহার পূর্বে উপজেলা প্রশাসনের নির্দেশে সরকার কর্তৃক নির্ধারিত হারে টোল আদায় হলেও বর্তমানে অতিরিক্ত হারে টোলের নামে ক্রেতা-বিক্রেতাদের জিম্মি করে আবারো চাঁদাবাজি করা শুরু হয়েছে। দ্রুত সতীহাটে সরকার কর্তৃক টোল আদায়ের তালিকা সম্বলিত সাইন বোর্ড টাঙ্গানোর দাবীর পাশাপাশি অবৈধ টোল আদায় প্রতিরোধ কমিটি সম্মিলিত ভাবে এ হাট থেকে সকল প্রকার অবৈধ টোল আদায় বন্ধে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
স/অ










