সিল্কসিটিনিউজ ডেস্ক:
ডেঙ্গু প্রতিরোধে সরকার কার্যকরী কোন পদক্ষেপ গ্রহণ করতে পারেনি দাবি করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, নিজেদের ব্যর্থতার দায় এড়াতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের প্রকৃত সংখ্যাও প্রকাশ করছেনা সরকার।
শুক্রবার রাজধানীর পুরানা পল্টনস্থ আইএবি চত্বরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

মুফতি ফয়জুল করীম বলেন, ডেঙ্গুর বিষয়ে সরকারি ও বেসরকারি তথ্যের মাঝে বিশাল পার্থক্য রয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে ৫৩ জনের মৃত্যুর দায় সরকার কোনোভাবেই এড়াতে পারেনা।
সরকারের সমালোচনা করে চরমোনাই পীরের ভাই আরও বলেন, বিচারব্যবস্থার বেহাল দশার সুযোগে দেশে গুজব ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড জ্যামিতিক হারে বেড়ে চলছে। নারী ও শিশু ধর্ষণের ঘটনা এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দেশব্যাপী নৃশংস হত্যাকাণ্ড, নারী-শিশু ধর্ষণের বিভৎস রূপ সরকারের অযোগ্যতারই বহিঃপ্রকাশ।
প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ।
তিনি বলেন, মুক্তিকামী সচেতন শিক্ষার্থীদের নিয়ে আমরা এমন একটি কাফেলা গড়ে তুলতে চাই, যারা নৈতিকতার প্রশ্নে ঘুমন্ত ছাত্রসমাজের বিবেক জাগ্রত করার মাধ্যমে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করবে।
সংগঠনের সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ মুস্তাকিম বিল্লাহর সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ও চরমোনাই ইউনিয় পরিষদের চেয়ারম্যান মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আহমাদ আব্দুল কাইউম, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা বরকত উল্লাহ লতিফ, মাওলানা নূরুল ইসলাম আল-আমিন সহ কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দ।










