সিল্কসিটিনিউজ ডেস্ক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগস্ট মাস এলেই জঙ্গি-সাম্প্রদায়িক শক্তির অপতৎপরতা বেড়ে যায়। কারণ, তারা জানে এক শেখ হাসিনাকে শেষ করে দিতে পারলে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা যাবে। আমাদের একদিকে হারানোর বেদনা, আবার নতুন করে হারানোর আশঙ্কা। বর্তমানে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন আমাদের নেত্রী শেখ হাসিনা। আপনারা শোকের মাসের কর্মসূচি পালন করবেন, পাশাপাশি সতর্কও থাকবেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে যুবলীগ আয়োজিত ‘মাসব্যাপী সংবাদ চিত্র’ প্রদর্শনীর উদ্বোধন-পূর্ব আলোচনায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, আগস্ট মাস এলে নেত্রীকে নিয়ে বিপদের আশঙ্কা থাকে, অশুভ তৎপরতা জেগে ওঠে। তাই আমাদের সতর্ক থাকতে হবে।

ওবায়দুল কাদের বলেন, যারা বঙ্গবন্ধুকন্যাকে বিভিন্নভাবে ধিকৃত করতে চান, তাদের উদ্দেশে বলতে চাই, শেখ হাসিনা বাংলাদেশের উদার রাজনীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার রাজনীতি শুধু রাজনীতি করার জন্য নয়, নির্বাচনী এজেন্ডা বাস্তবায়নের জন্য নয়- শেখ হাসিনার রাজনীতি পরবর্তী প্রজন্মের ভিশন নিয়ে কাজ করা। তিনি পরবর্তী প্রজন্মের জন্য কর্মসূচিতে ১০০ বছর পেরিয়ে গেছেন। এ কারণেই শেখ হাসিনাকে যুবলীগের দেয়া রাষ্ট্রনায়ক উপাধি যথার্থ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আজ যদি শেক্সপিয়র বেঁচে থাকতেন, তাহলে তিনি নিশ্চয়ই লিখতেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড বিশ্বের নৃশংসতম ও জঘন্যতম ঘটনা। কারা বঙ্গবন্ধু হত্যায় পেছন থেকে মদদ দিয়েছিল, ইনডেমনিটি দিয়ে খুনিদের পুরস্কৃত করেছিল, বিদেশে দূতাবাসে চাকরি দিয়েছিল, তা জাতি জানে। জিয়াউর রহমান এর সঙ্গে জড়িত ছিল, এগুলো ইতিহাস জানে।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ জানে, কারা শেখ হাসিনাকে হত্যা করার জন্য ২১ আগস্ট গ্রেনেড হামলা করেছিল। তারপরও পুত্রহারা মা খালেদা জিয়াকে সান্ত্বনা দিতে গেলে ঘরের দরজা বন্ধ করে দেয়া হয়েছিল। এ নিষ্ঠুর রাজনীতিও তারা করে। ১৫ আগস্ট, ২১ আগস্টের মতো ঘটনার পরও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা একটা কর্মসম্পর্ক রাখতে চাই। কিন্তু, যারা জাতির পিতা বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকীতে কেক কেটে ভুয়া জন্মদিন উদ্যাপন করে, তাদের সঙ্গে আমরা কর্মসম্পর্ক রাখি কীভাবে? তারা যদি এ কাজ বন্ধ না করে, তবে তাদের সঙ্গে কর্মসম্পর্ক গড়ে তোলা কঠিন।
যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এ মাসে শুধু শোক প্রকাশ করলেই হবে না, এ মাসে আরও যে আশঙ্কাগুলো থাকে সে বিষয়েও সতর্ক থাকতে হবে।
ডেঙ্গু নিয়ন্ত্রণ নিয়ে সেতুমন্ত্রী বলেন, আমরা ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন, লন্ডনে চিকিৎসাধীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে আছেন। সেখানেও তিনি স্বস্তিতে নেই।
তিনি বলেন, ডেঙ্গু মোকাবেলাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি। এ চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করবোই। কারণ ডেঙ্গু আমাদের নিয়ন্ত্রণের বাইরে নয়, আমরা এ চ্যালেঞ্জকে মোকাবেলা করার মতো শক্তি রাখি।
স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবির বিষয়ে কাদের বলেন, আপনারা (বিএনপি) কি আপনাদের কাজ করেছেন? আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ, খালেদা জিয়া দেড় বছর ধরে কারাগারে, আপনারা তো দেড় মিনিটের জন্যও আন্দোলন করতে পারেননি। অন্যদের পদত্যাগের দাবির আগে বিএনপির নেতাদেরই পদত্যাগ করা উচিত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ।










