নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে ডিমের চাহিদা পূরণে খামারিদের আরো বেশী মনোযোগি হতে হবে। সেই সাথে সরকারকেও খামারী সমস্যা সমাধানে এবং ভর্তুকি দেয়ার মাধ্যমে পোলট্রি শিল্পকে এগিয়ে নিতে হবে। একটি সুখী সমৃদ্ধশালী ও স্বাস্থ্যবান জাতি গঠনে ডিমের কোন বিকল্প নেই। কথাগুলো বলছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ মিজানউদ্দিন।
বিশ্ব ডিম দিবস-২০১৬ উপলক্ষে রাজশাহীতে অনুষ্ঠিত বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল রাজশাহী বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও প্রানিসম্পদ অধিদপ্তর রাজশাহীর যৌথ উদ্যোগে বিশ্ব ডিম দিবস-২০১৬ এর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন।
পোলট্রি সংশ্লিষ্ট ৭টি অ্যাসোসিয়েশনের সমন্বয়ে গঠিত বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি), প্রাণিসম্পদ অধিদপ্তর, রাজশাহী বিশ্ববিদ্যালয় যৌথভাবে এ দিবসটি উদযাপন করে। প্রতিবছর অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবার পালিত হয় বিশ্ব ডিম দিবস। ২০ বছর ধরে দিবসটি বিশ্বের ৬০টি দেশে পালিত হচ্ছে। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল এগ কমিশন (আইইসি)। সংস্থাটির উদ্যোগে ওই বছর থেকেই ডিম দিবস পালিত হয়ে আসছে।

জানা যায়, বিশ্বব্যাপী ডিমের চাহিদা প্রতিবছরই বাড়ছে। গত ৪১ বছর বিশ্বে ডিম খাওয়ার পরিমাণ বেড়েছে তিন গুণ। এগ কমিশন বলছে, ২০১৬ সালে বিশ্বব্যাপী ডিমের চাহিদা মেটাতে প্রায় ৮ কোটি টন ডিমের প্রয়োজন হবে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ২০১৪-১৫ অর্থবছরে ১ হাজার ৯৯ কোটি ৫১ লাখ ৬৭ হাজার ৮৩৮টি ডিম উৎপাদিত হয়েছে। ডিম উৎপাদনে সরকারের লক্ষ্যমাত্রা (১ হাজার ৯৫ কোটি ডিম) ছাড়ালেও তা দিয়ে দেশের চাহিদার মাত্র ৬৮ শতাংশ পূরণ হচ্ছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) তথ্যমতে, সুস্থ থাকার জন্য একজন প্রাপ্তবয়স্ক মানুষকে বছরে গড়ে ১০৪টি ডিম খাওয়া প্রয়োজন। তবে বাংলাদেশ লাইভ স্টক সোসাইটি বলছে, দেশের মানুষ বছরে ডিম খায় গড়ে মাত্র ৪৫-৫০টি।
দুই পর্বে বিভক্ত আয়োজনে সকাল ৯ টায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ উদ্বোধন করেন রাজশাহীর বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল হান্নান। র্যালীর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করে বিভাগীয় কমিশনার বলেন, ডিম দৈনন্দিন জীবনের খাবারের তালিকায় একটি আবশ্যকীয় উপাদান। ডিম সব ধরণের পুষ্টির উপাদান মেটায়। প্রতিদিন একটি করে ডিম খাওয়ার পরামর্শ প্রদান করেন এবং পোলট্রি শিল্পের সাথে যারা জড়িত তাদেরকে সরকারের বিভিন্ন সুযোগ সুবিধার কথা তুলে ধরেন। পরে র্যালিটি আলুপট্টি হতে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজশাহী কলেজে গিয়ে শেষ হয়। র্যালি শেষে রাজশাহী কলেজ মিলনায়তনে দ্বিতীয় পর্বে আলোচনা সভার আয়োজন করা হয়।
ভোলাহাট উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা অসীম কুমার প্রামানিক এর সঞ্চালনায় বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) রাজশাহী বিভাগীয় কোঅর্ডিনেটর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরদারের সভাপতিত্বে মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ লাইভস্টক সোসাইটি এর সাধারণ সম্পাদক ও রাবি ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের ডেপুটি চীফ ভেটেরিনারি সার্জন ডা. মোঃ হেমায়েতুল ইসলাম আরিফ।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণি বিদ্যা বিভাগের প্রফেসর ড. এম. খালেকুজ্জামান। তিনি বলেন, বিশ্ব ডিম দিবসের এই কার্যক্রম শুধুমাত্র রাজশাহী নগরীর মধ্যে রাখলে চলবেনা। এটি ছড়িয়ে দিতে হবে প্রতিটি গ্রামে গ্রামে । আগামীতে ডিম দিবসের পরিসর আরো বাড়ানোর তাগিদ দেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম ডিমের উৎপাদন বৃদ্ধিতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। মেধাবী জাতি গঠনে ডিমের উৎপাদনের প্রতি জোর দেন।
প্রাণি সম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক কৃষিবিদ মোঃ নিজামউদ্দিন পোলট্রি শিল্প নিয়ে সরকারের গৃহীত উদ্যোগ তুলে ধরেন। সেই সাথে খামারীদের সাথে আরো নিবিড় সর্ম্পক তৈরীর মাধ্যমে এই শিল্পকে শ্রেষ্ঠত্বে পরিণত করার কথা বলেন।
রাজশাহীর ডেপুটি সিভিল সার্জন ডা. ফারহানা হক বলেন, যে কোন বয়সে ডিম খাওয়া যায়। ডিম কারো শরীরের কোন ক্ষতি করেনা।
রাজশাহী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজর সভাপতি মোঃ মনিরুজ্জামান বলেন, ডিম যারা উৎপাদনের সাথে জড়িত তাদেরকে ভতুর্কির ব্যবস্থা করতে হবে। পোলট্রি শিল্পকে রক্ষা করতে পারলে একটি মেধা সম্পন্ন জাতি গড়ে তোলা সম্ভব হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগ এর শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ, বিভিন্ন ওষুধ কোম্পানি এর কর্মকর্তাবৃন্দ, সেভ দি ন্যাচার এন্ড সোসাইটি এর সদস্যবৃন্দ, রোটারী ক্লাব এর সদস্যবৃন্দ,বাংলাদেশ লাইভস্টক সোসাইটির সদস্যবৃন্দ, বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীগণ, বিশিষ্ট সামাজিক ব্যাক্তিবর্গ সহ অনেকে। ডিম দিবসে সকলকে প্রতিদিন একটি করে ডিম খাওয়ার আহব্বান জানানো হয়। ও ডিম দিবস উপলক্ষ্যে ৫হাজার ডিম বিনামূল্যে বিতরণ করার কথাও জানান।
স/আর










